বলিউডে আবারও আলোচনার কেন্দ্রে হৃতিক রোশন। সম্প্রতি তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ওয়ার ২ ছবিতে। তবে এবার আলোচনার কারণ সিনেমা নয়, তাঁর লেখা কয়েকটি লাইন।ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ক্যাজুয়াল ছবি পোস্ট করেন অভিনেতা। সেখানে দেখা যাচ্ছে বিদেশে পাহাড় ঘেরা একটি বিরাট সরোবরের সামনে ক্যাজুয়াল অবতারে দাঁড়িয়ে রয়েছেন হৃতিক। কোনও ছবিতে হাসিমুখে, কোনওটিতে তিনি আবার খানিক আনমনা। ছবির চেয়েও বেশি নজর কাড়ে ক্যাপশনটি। সেখানে তিনি মার্কিন লেখক ওয়েন্ডেল বেরি-র লেখা থেকে অনুপ্রাণিত হয়ে লেখেন, “শেষমেষ আমি মুক্ত”।
হৃতিক লিখেছেন, পরিবর্তন আসছে, বহুদিনের অপেক্ষার পর নতুনভাবে বিশ্বকে দেখার সময় এসেছে। প্রকৃতি, নীরবতা ও নিজের সত্তার কাছে ফিরে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। এই আত্মমগ্ন, কবিতার মতো ক্যাপশন দেখে অনুরাগীদের অনেকেই ভাবতে শুরু করেন, এ কি নতুন জীবনের ইঙ্গিত? না কি নতুন কোনও ঘোষণার প্রস্তুতি?
