অবশেষে স্বপ্নপূরণ। তাতেই খুশিতে উচ্ছ্বল দেবলীনা কুমার। অনেক পরিশ্রমের পর শিক্ষা-সংস্কৃতির আঙিনায় সম্মানলাভ। তাঁর মুকুটে নয়া পালক। নৃত্যশিল্পী, অভিনেতার পর এবার তিনি রবীন্দ্রনাচে ডক্টরেট! আনন্দে অভিভূত দেবলীনার সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা, এবার তিনি আরও বিনীত হবেন। বরাবর নাচে পারদর্শী তিনি। নাচতে ভালবাসেন। বিশেষ করে রবীন্দ্রনৃত্য। তাই এই বিভাগে বিশেষ সম্মান পাওয়ায় তিনি বেশি খুশি।

এর আগে দেবলীনার শিক্ষা, সম্মানলাভ নিয়ে কটাক্ষ কম হয়নি। তিনি পরিশ্রম করেছেন। নিন্দুকেরা গুঞ্জন ছড়িয়েছে, বিধায়ক বাবা দেবাশিস কুমারের দৌলতেই মেয়ের যাবতীয় কার্যসিদ্ধি। প্রত্যেকবার প্রতিবাদ জানিয়েছে দেবলীনা। জানিয়েছেন প্রকৃত ঘটনা। সোমবার সন্ধেয় প্রমাণ হিসেবে তিনি ডক্টরেটের শংসাপত্রের ছবি ভাগ করে নেন সামাজিক মাধ্যমে। বিবরণীতে লেখেন, অবশেষে ডক্টরেট ডিগ্রি হাতে এসেছে। এখন আমি ডঃ দেবলীনা কুমার লিখতে পারব। তাঁর মতে, তিনি ‘টেগোর স্কুল অফ ডান্স’-এর এক গর্বিত গবেষক। এই সম্মান তাঁর কাছে অত্যন্ত দুর্লভ। এবং সত্যিই আনন্দের মুহূর্ত। এই সম্মানের জন্য ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে। কৃতজ্ঞ তাঁর অনুরাগীদের প্রতি। তাঁদের ভালবাসা, সমর্থন না থাকলে তিনি কিছুই করে উঠতে পারতেন না। তাই আগামীতেও তাঁদের সমর্থন চেয়েছেন। পাশাপাশি উপলব্ধি, আরও বিনীত, নম্র হতে হবে।



প্রিয় অভিনেত্রীর এই সম্মানলাভে খুশি অনুরাগীরাও। তাঁদের শুভেচ্ছার বানভাসি মন্তব্য বিভাগে। দেবলীনাকে শেষ দেখা গিয়েছে উইন্ডোজ প্রযোজনা সংস্থার পুজোমুক্তি ‘রক্তবীজ’-এ।