সমাজমাধ্যম খুললেই কত ধরনের খবরই না পাওয়া যায়! কোনও ভাইরাল নিউজ দেখে নেটিজেনরা মুচকি হাসেন, কোনওটা দেখে রাগ করেন। তবে এবার যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা দেখে নেটপাড়ারএম যেমন একদিকে বেজায় চমকেছে, তেমনই আরও একদিকে প্রশ্ন তুলেছে নিরাপত্তা নিয়ে। কী ঘটেছে? এক বছর ছয়ের ছেলে রাজসড়কে অটো চালাচ্ছে! 

 

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও দারুণ ভাইরাল হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে এক বছর ছয় থেকে সাতের একটি ছেলে পুনের অন্যতম ব্যস্ত জায়গা ফোনিক্স মলের সামনে রাস্তায় অটো চালাচ্ছে। ভিডিওতে স্পষ্টই দেখা যাচ্ছে এই ছেলেটি অটোর স্টিয়ারিং একাই ধরে আছে। তার পাশে কেউ নেই। ব্যস্ত রাস্তা, যানজটের মধ্যে দিয়ে সে একাই অটো চালিয়ে যাচ্ছে। না, একা নয় ঠিক। চালকের আসনে সে একা থাকলেও পিছনের সিটে আয়েশ করে, হেলান দিয়ে বসে রয়েছেন তার বাবা। দেখছেন ছেলের গাড়ি চালানোর ক্ষমতা। তিনি কোনও রকম ভাবেই ছেলেকে বাধা দিচ্ছেন না। নিজেদের প্রাণের ঝুঁকির কথা তো ছেড়েই দিন, পথ চলতি সাধারণ মানুষ বা ট্রাফিক আইন না মেনেই এভাবে তাঁরা দুজন অটো নিয়ে পুনের রাস্তায় যাচ্ছিলেন। সেটাই কেউ রেকর্ড করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন। 

 

পুনের এই ওয়াকাড এলাকায় হামেশাই দুর্ঘটনা ঘটে। তার মধ্যে ট্রাফিক আইন ভেঙে এক নাবালক সেখান থেকে গাড়ি নিয়ে যাওয়ার কারণে অনেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ আবার জানতে চেয়েছেন এই সময় কোনও দুর্ঘটনা ঘটলে তার দায় কে নিত? কেউ আবার প্রশ্ন তুলেছেন ছেলেটির বাবার কাণ্ড জ্ঞান নিয়ে।

 

শুধু তাই নয়, এই ঘটনা যেন ট্রাফিন আইন ভঙ্গ এবং তার ফাঁক নিয়েও একই সঙ্গে প্রশ্ন তুলে দিল। এভাবে এমন গুরুতর অপরাধ কী করে ট্রাফিক পুলিশের নজর এড়াল সেটাও জিজ্ঞাস্য নেটপাড়ার।

 

মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী নাবালকদের গাড়ি চালানো অপরাধ। এমন কোনও ঘটনা ঘটলে তাদের বাবা, মায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলা আছে। 

 

এই ভাইরাল ভিডিও দেখে মজা পাওয়ার বদলে নেটিজেনরা যেন বেশ ক্ষেপেই গিয়েছেন। তাঁরা পুলিশের কাছে অনুরোধ করেছেন যাতে এই ফুটেজ থেকে অটোটিকে শনাক্ত করে সঠিক তদন্ত করেন এবং শাস্তি দেন। অন্যদিকে কেউ কেউ আবার ছেলেটির এই বয়সেই দক্ষ হাতে অটো চালানোর ক্ষমতাকে প্রশংসা করেছেন। কিন্তু নিরাপত্তার বিষয়টি এড়িয়ে যেতে পারেননি কেউই।