ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ বিদেশ ভ্রমণ করেন৷ কিন্তু ভারতীয় এক খাবারি তাঁর সবথেকে বেশি পছন্দ৷ জানেন মোদীর পছন্দের খাবারের নাম কী? কার্ড উপমা বা দই উপমা।  দক্ষিণ ভারতীয় এই খাবার স্বাস্থ্যকর ও খুবই সুস্বাদু। সকালের জলখাবার হোক বা দুপুরে অফিসের লাঞ্চ, দই উপমা বেশ জনপ্রিয়। জেনে নিন কীভাবে বানাবেন?  

কী কী লাগবে? 

সুজি – ১ কাপ
টক দই – ১ কাপ
জল – আধ কাপ
সর্ষে – ১ চা চামচ
উড়দ ডাল – ১ চা চামচ (ঐচ্ছিক)
চিনাবাদাম – ২ টেবিল চামচ
কাঁচা লঙ্কা – ২টি (কুচি)
আদা কুচি – ১ চা চামচ
কারি পাতা – কয়েকটি
পেঁয়াজ কুচি – ১টি মাঝারি
নুন – স্বাদমতো
তেল – ২ টেবিল চামচ
ধনেপাতা – সাজানোর জন্য

কীভাবে বানাবেন?

প্রথমে একটি কড়াইতে শুকনো অবস্থায় সুজি হালকা আঁচে ভেজে নিন, যতক্ষণ না হালকা গন্ধ বেরোয়।  খেয়াল রাখবেন আঁচ বাড়িয়ে দেবেন না৷ সুজি পুড়ে যেতে পারে৷ সুজি ভাজা হয়ে গেলে আলাদা করে রাখুন।

এবার অন্য একটি কড়াইতে তেল গরম করুন। তাতে কালো সর্ষে ফোড়ন দিন। ফোড়ন ফুটতে শুরু করলে উড়দ ডাল, চিনাবাদাম, কারি পাতা, কাঁচা লঙ্কা ও আদা কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন।

এবার ভাজা সুজি কড়াইতে ঢেলে সব উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এরপর ধীরে ধীরে জল দিন এবং নাড়তে থাকুন যাতে দলা না পেকে যায়। ২-৩ মিনিট রান্না করুন, যতক্ষণ না সুজি সেদ্ধ হয়।
গ্যাসের আঁচ একদম কমিয়ে এবার টকদই যোগ করুন। ভালোভাবে মিশিয়ে নিন যাতে উপমা নরম ও ক্রিমি হয়। দই দেওয়ার পর বেশি সময় রান্না করবেন না, নইলে দই কেটে যেতে পারে।
সবশেষে স্বাদমতো নুন দিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন দই উপমা৷ 

দই উপমার সঙ্গে নারকেল চাটনি বা আচার দিয়েও পরিবেশন করতে পারেন। এই সহজ রেসিপিটি যেমন সুস্বাদু, তেমনই পেটের জন্য হালকা এবং পুষ্টিকর।