আজকাল ওয়েবডেস্ক: 'অপেক্ষা'। অপেক্ষা মানে কি শুধুই কারও জন্য বসে থাকা? নাকি নিজেই সময়ের সঙ্গে সঙ্গে এক অন্য মানুষে রূপান্তর? সুরকার অয়ন মুখার্জী এবং শিল্পী বর্ণিনী চক্রবর্তীর নতুন গান ‘অপেক্ষা’- য়। তাঁদের নতুন এই গান এমনই এক গভীর উপলব্ধিকে সামনে আনে। আগামীকাল আনুষ্ঠানিক ভাবে মুক্তি এই গান এবং তার মিউজিক ভিডিওর।

গানের কথা এবং সুর অয়ন মুখার্জীর ৷ তাঁর ভাবনায় এই গান কোনও 'ব্যক্তিগত বিরহ' নয়। বরং এক 'অস্থির' সময়ের দৃশ্য। সারা পৃথিবীর মানুষ কোনও এক না-পাওয়া জিনিসের আশায় ক্রমাগত হেঁটে চলেছে। সেই অপেক্ষার শেষ নেই৷ এমনকি সীমানাও নেই৷ আছে কেবল টিকে থাকার লড়াই।

অয়নের কথায়, "আমরা আসলে এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে অপেক্ষা করাই আমাদের ভবিতব্য।"

অপেক্ষা আসলে এক নীরব অস্তিত্বের বহিঃপ্রকাশ। গানটি কোনও একজন ব্যক্তির অভিব্যক্তি নয়। কোনও একটি কন্ঠস্বর বা একজনের জীবনের অভিজ্ঞতার কথা বলে না। বরং স্থান-কাল-পাত্রের বেড়াজাল পেরিয়ে সমষ্টির আবেগের কথা বলে। সকলেই অপেক্ষমান। রয়েছে কোনও না কোনও কারণ।  তাঁদের জীবনের গল্পগুলি আলাদা হলেও এক অদৃশ্য সুতোয় গাঁথা। 

অপেক্ষা আসলে কোনও গন্তব্যে পৌঁছানোর কথা বলে না। বরং প্রান্তসীমায় বসবাস করার কথা বলে। থাকে অস্তিত্বের প্রতীক হয়ে।