সংবাদসংস্থা মুম্বই: বলিউডের একসময়ের অতি পরিচিত নায়ক বিবেক ওবেরয়ের জীবন আজও চর্চায় থাকে। কোম্পানি ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। কিন্তু অভিনয় জগতে আসার আগে কীভাবে জীবনযাপন করতেন তিনি? 


সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, খুব ছোট থেকেই রোজগারের পথ বেছে নেন তিনি। অভিনয়ে আসার আগে খুবই অল্প বয়সে ব্যবসা শুরু করেন বিবেক। অভিনেতা বলেন, "তখন আমার ১৫ বছর বয়স। বাবাকে জানিয়েছিলাম, নিজে কিছু করতে চাই।" সেই মতো হাত খরচের টাকা জমিয়ে বিবেক শেয়ার বাজারে বিনিয়োগ করতে শুরু করেন। অভিনেতার কথায়, "পাশাপাশি, কিছু ছোটখাটো শো থেকেও উপার্জন করতাম।"


মাত্র ১০ বছর বয়সে লোকের বাড়িতে সুগন্ধি বিক্রি করতেন অভিনেতা। তিনি বলেন, "একবার বাবা কাজের সূত্রে বাইরে গিয়েছিলেন। খুব জেদ করায় আমায় তাঁর ব্যাবসার হিসেবের দায়িত্ব দিয়েছিলেন। তখন হিসেবের সঙ্গে সাইকেলে চড়ে‌ সুগন্ধি বিক্রি করতাম। আমার কাছে বিষয়টি বেশ মজার ছিল তখন।"

 

বিবেক জানান, ১৯ বছর বয়সে বেঙ্গালুরুতে তিনি তাঁর প্রথম কোম্পানি শুরু করেন। কিন্তু দু’বছর পর নিজের অংশ বিক্রি করে তিনি বিদেশে পড়াশোনা করতে চলে যান। দেশে ফিরে এসে শুরু হয় বিবেকের অভিনয় জীবন। 'কোম্পানি', 'সাথিয়া', 'মস্তি, ওমকারা তাঁর কেরিয়ারের অন্যতম সফল ছবি। কেরিয়ারের শুরুতেই বলি ডিভা ঐশ্বর্য রাইয়ের সঙ্গে নাম জড়িয়ে পড়ে তাঁর। কিন্তু এই সম্পর্ক বেশিদিন টেকেনি। কিন্তু তারপরেও এখনও পর্যন্ত চর্চা হয় তাঁদের সম্পর্ক নিয়ে। দর্শক তাঁকে শেষ দেখেছিলেন 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' সিরিজে। বর্তমানে দক্ষিণী ছবির জগতেই বেশি দেখা যায় অভিনেতাকে।