আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
মা-বোন তুলে নীনা গুপ্তকে গালাগাল পরিচালকের!
সম্প্রতি একটি অপ্রীতিকর ঘটনার অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিলেন নীনা গুপ্ত। জানালেন তাঁর একটি ছবির পরিচালক সেটে সকলের সামনে মা, বোন তুলে গালাগাল করেছিলেন। তাও কখন? যেখানে তাঁর কোনও দোষ ছিলই না। তিনি এদিন সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এও জানান যে টাকার জন্য তিনি এমন এমন ছবিতে কাজ করতে বাধ্য হয়েছেন, যা পরে বাড়ি আসার পর প্রার্থনা করেছেন যাতে সেগুলো না মুক্তি পায়। কিন্তু এত খ্যাতনামা অভিনেত্রী হয়ে কেন পরিচালকের গালাগাল শুনেছিলেন? এই বিষয়ে অভিনেত্রী জানান যখন ঘটনাটি ঘটেছিল তখন তাঁর টাকার দরকার ছিল। অন্য কোনও অপশন ছিল না, তাই বাধ্য হয়ে সেই কাজ করেন। এবং দোষ না থাকা সত্ত্বেও গালাগাল হজম করেন।
'রামায়ণ'-এ রাঘবের জায়গায় বিক্রান্ত?
নীতীশ তিওয়ারির 'রামায়ণ' নিয়ে চর্চার অন্ত নেই। এই ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। সীতা হয়েছেন সাই পল্লবী। সম্প্রতি জানা যায় এই ছবিতে মেঘনাদের চরিত্রে রাঘব জুয়ালকে নেওয়া হয়েছে। তারপরই রটে যায়, যে না। রাঘব নন। বরং এই চরিত্রে থাকবেন বিক্রান্ত মাসি। সেই রটনা যে একেবারেই মিথ্যে নিজেই সেটা স্পষ্ট করে দেন অভিনেতা। ইনস্টাগ্রামের স্টোরিতে এমন এক খবর পোস্ট করে জানান দায়িত্বজ্ঞানহীনের মতো খবর। যদিও পরবর্তীতে তিনি সেই স্টোরি ডিলিট করে দেন। ফলে এখানেই জল্পনা উস্কে গিয়েছে যে রামায়ণে মেঘনাদের চরিত্রে কাকে দেখা যাবে, বিক্রান্ত নাকি রাঘবকে?
সলমনের 'ব্যাটেল অফ গালওয়ান'-এর মুক্তি পিছল! কবে আসছে?
সলমন খানও দীর্ঘ সময় পর নতুন ছবি নিয়ে আসতে চলেছেন। তাঁর আগামী ছবি ভারত, চিন যুদ্ধের উপর নির্মিত, 'ব্যাটেল অফ গালওয়ান'। এতদিন জানা গিয়েছিল ১৭ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। এবার জানা গেল সেদিন মুক্তি পাবে না। বরং চলতি বছরের স্বাধীনতা দিবসের সময় আসবে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে ১৪ অগস্ট মুক্তি পাবে 'ব্যাটেল অফ গালওয়ান'। যদিও ছবির নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও ছবির মুক্তির দিন পিছনোর কথা ঘোষণা করা হয়নি। অপূর্ব লাখিয়া এই ছবিটির পরিচালনা করেছেন।
