বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক আরমান মালিক। শুধু হিন্দি নয়, তেলুগু, ইংরেজি, বাংলা, কন্নড়, মারাঠি, তামিল, গুজরাতি, পাঞ্জাবি, উর্দু ও মালয়লম ভাষায় গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন তিনি। ২০২৫ সালের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন গায়ক। বিয়ের বছর ঘুরলেও এখনও পর্যন্ত আরমান মালিকের জীবনে রয়েছে বসন্তের ছোঁয়া। দীর্ঘদিনের বান্ধবী আশনা শ্রফকে জীবনসঙ্গিনী হিসেবে পাওয়ার পর তিনি এখন আগের চেয়ে অনেক বেশি শান্ত এবং ধীরস্থির। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের কথা অকপটে স্বীকার করেছেন বলিউডের এই জনপ্রিয় তারকা। বিয়ের পর জীবনটা ঠিক কেমন কাটছে, তা জানাতে গিয়ে আরমান বলেন, “আমি নিজেকে এখন আগের চেয়ে অনেক বেশি পরিপূর্ণ মানুষ বলে মনে করি।”
আরমানের মতে, আশনার সঙ্গে সংসার শুরু করার পর তাঁর জীবনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে। আগে হয়তো তিনি সব সময় কাজের চাপে বা 'সেরা' হওয়ার ইঁদুর দৌড়ে ব্যস্ত থাকতেন, কিন্তু এখন তাঁর পায়ের নিচে মাটি অনেক বেশি শক্ত। তিনি জানান, বিয়ের এই স্থিতিশীলতা কেবল তাঁর ব্যক্তিগত জীবনেই নয়, বরং তাঁর সঙ্গীত সাধনা এবং পেশাদার জগতেও ইতিবাচক প্রভাব ফেলেছে। জীবনের ভারসাম্য বজায় রাখা এবং নিজেকে সময় দেওয়ার গুরুত্ব তিনি এখন আরও বেশি করে বুঝতে পারছেন।
গত বছর অর্থাৎ ২০২৫ সালটি আরমানের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। পেশাগত এবং ব্যক্তিগত—সবদিক থেকেই তাঁকে বেশ কিছু কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। তবে গায়কের দাবি, এই কঠিন সময়টিই তাঁকে অনেক কিছু শিখিয়েছে। বিশেষ করে ধৈর্যের পরীক্ষা এবং নিজের মনের ডাক শোনার ক্ষমতা তাঁর মধ্যে তৈরি হয়েছে এই পর্বেই। তিনি মনে করেন, এই পরিবর্তনের ফলেই তিনি আজ আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ ও প্রাণবন্ত অনুভব করছেন।
প্রসঙ্গত, পরিবার ও কাছের বন্ধুদের সাক্ষী রেখে ২০২৫-এ আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন আরমান। সমাজমাধ্যমের দৌলতে প্রকাশ্যে এনেছিলেন তাঁদের বিয়ের ছবি। গায়কের স্ত্রী আশনা শ্রফ একজন ভারতীয় ফ্যাশন এবং বিউটি ভ্লগার এবং ইউটিউবার। তিনি কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অফ দ্য ইয়ার ২০২৩ নির্বাচিত হন। আর ২০২৩-এর আগস্ট মাসে বাগদান সেরেছিলেন জুটিতে। দু'বছর পর বসেছিলেন বিয়ের পিঁড়িতে। দাম্পত্য জীবন যে ভালই উপভোগ করছেন তাঁরা, তা স্পষ্ট আরমানের কথায়।
