প্রথম ছবিতেই বাজিমাত। নয়ের দশকের শুরুতে তিনি তোলপাড় করে ফেলেছিলেন লাখো লাখো তরুণ হৃদয়। তিনি অনু আগরওয়াল। ১৯৯০-এ "আশিকি" ছবিতে রাহুল রায়ের নায়িকা ছিলেন অনু। তুমুল প্রেমের ছবি দোলা দিয়েছিল আসমুদ্রহিমাচলকে। আর তাতেই নিমেষে ভারতজোড়া খ্যাতি।
 
বলিউডে পা রেখেই এমন আকাশছোঁয়া জনপ্রিয়তা কি পাল্টে দিয়েছিল তাঁর জীবন? তিন দশক পেরিয়ে ফের পর্দায় ফেরার তোড়জোড়ের মাঝেই সেই দিনগুলো ফিরে দেখলেন "আশিকি"র নায়িকা। 

অনুর কথায়, “জনপ্রিয়তা কার না ভাল লাগে! কিন্তু সেই সঙ্গেই আমায় ভয় পাইয়ে ছেড়েছিল এমন খ্যাতি। দিল্লি ইউনিভার্সিটিতে তখন আমায় "সেক্সি সাইরেন" বলা হচ্ছে। হিন্দু কলেজে পড়ি। কলেজে যাওয়া আসার পথে ঘিরে ধরত ছেলেরা। পিছু নিত। মাত্র দশ মিনিটের রাস্তা যেন ঘেরাটোপ। কেউ পিছনে আমার গান গাইছে, কেউ কথা বলতে চাইছে, কেউ রাস্তা আটকে দাঁড়াচ্ছে। রীতিমতো ভয় করত! তাতেই বুঝেছিলাম, আমার বয়সী মেয়েরা কেন একা চলাফেরা করতে চায় না!”

খ্যাতির বিড়়ম্বনা বোধহয় একেই বলে! হাড়ে হাড়ে তখন টের পেয়েছিলেন কলেজপড়ুয়া অনু! ফেলে আসা দিনগুলোকে এখনও এভাবেই দেখেন নয়ের দশকের মনমাতানো নায়িকা।