টলিউডে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু-বিতর্ক এবার এক নজিরবিহীন মোড় নিল। একদিকে যখন সাধারণ শিল্পী ও কলাকুশলীরা বিচারের দাবিতে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই ‘আর্টিস্ট ফোরাম’-এর দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত টলিপাড়ার অন্দরের ফাটলকে স্পষ্ট করে দিল।
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু রহস্য উদঘাটনে এবার রাজপথে নামছেন টলিউডের শিল্পী ও কলাকুশলীরা। আগামী শনিবার, ৪ঠা এপ্রিল বিকেল ৪টেয় টেকনিশিয়ান স্টুডিও থেকে এক বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কিন্তু এই আন্দোলনের আবহেই ‘আর্টিস্ট ফোরাম’-এর একটি বয়ান ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রথমে একটি কড়া চিঠি পাঠিয়ে প্রযোজনা সংস্থার কাছে কৈফিয়ত চাওয়া হয়েছিল। কেন চিত্রনাট্যের বাইরে গিয়ে বিপজ্জনক শ্যুটিং করা হলো, সেই প্রশ্নও তুলেছিল তারা। কিন্তু শনিবারের প্রতিবাদ মিছিল নিয়ে ফোরামের সাম্প্রতিকতম বিবৃতি টলিপাড়াকে চমকে দিয়েছে। ফোরাম স্পষ্ট জানিয়েছে, এই মিছিলের জন্য তাদের আনুষ্ঠানিকভাবে কোনও আমন্ত্রণ জানানো হয়নি। তারা এই মিছিলের আহ্বায়কও নয়, এমনকি অংশগ্রহণকারীও নয়। তবে কোনও শিল্পী ব্যক্তিগতভাবে চাইলে মিছিলে যেতে পারেন।
ঠিক কী লেখা হয়েছে আর্টিস্ট ফোরামের ওই বিবৃতিতে? " আগামী শনিবার চার তারিখ বিকেল চারটে থেকে, সদ্য ঘটে যাওয়া রাহুলের মর্মান্তিক পরিণতির প্রতিবাদে, একটা মিছিল করার আহ্বান জানানো হয়েছে। এই বিষয়ে কে এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আনুষ্ঠানিকভাবে কোনও আহ্বান জানানো হয়নি। আমরা সংগঠন হিসেবে এর আহ্বায়ক নই, এতে অংশগ্রহণকারীও নই। তবে যদি কোনও শিল্পী ব্যক্তিগতভাবে এই মিছিলে অংশগ্ৰহণ করতে চান, তবে তা নিশ্চয়ই করতে পারেন। তাতেআমাদের সংগঠনের কোনও আপত্তি নেই।”

টালিগঞ্জের এক বড় অংশের দাবি, প্রযোজক সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষ আসল সত্যিটা আড়াল করার চেষ্টা করছে। কেন ওই বিপজ্জনক জায়গায় শুটিং হল? কেন কোনও সুরক্ষাব্যবস্থা ছিল না? এই প্রশ্নগুলোই এখন সাধারণ শিল্পী ও টেকনিশিয়ানদের মুখে মুখে। জয়দীপ মুখোপাধ্যায় বা স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো তারকারা আগেই সুর চড়িয়েছেন। এবার সেই ক্ষোভ রাজপথে আছড়ে পড়ার অপেক্ষায়।
আর্টিস্ট ফোরামের এই ‘দূরত্ব বজায় রাখা’র সিদ্ধান্ত নিয়ে স্টুডিও পাড়ায় কানাঘুষো শুরু হয়েছে। অনেক শিল্পীরই প্রশ্ন, যখন সহকর্মীর অকালমৃত্যুতে বিচার চাওয়ার সময় এল, তখন কেন সংগঠন হিসেবে ফোরাম সামনে থাকছে না?
শনিবারের এই মিছিল কি তবে টলিউডের ইতিহাসে এক নতুন বিদ্রোহের সূচনা করবে? আর্টিস্ট ফোরামের অনুপস্থিতি কি এই আন্দোলনকে আরও দুর্বল করবে নাকি শিল্পীদের জেদ আরও বাড়িয়ে দেবে? উত্তর মিলবে শনিবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিওর গেটেই।















