আজকাল ওয়েবডেস্ক: আগামী ১৬ আগস্ট রাজ্যে পালিত হবে খেলা হবে দিবস। তার আগে ক্লাবগুলির জন্য সুখবর। সমস্ত অনুমোদন প্রাপ্ত ক্লাবকে ১৫ হাজার টাকা করে অনুদানের ঘোষণা করল রাজ্য সরকার। ওইদিন বিভিন্ন কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্যের মোট ১১৯ টি পুরসভা, ছ’টি পুরনিগম, ৩৪৫ ব্লক ছাড়াও কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের বিভিন্ন অনুমোদন প্রাপ্ত ক্লাবকে এই টাকা দেওয়া হচ্ছে। অনুদান পাচ্ছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনও। ওইদিন খেলাধূলা সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে ক্লাবগুলিকে। ছাত্র-যুব সহ আমজনতাও যাতে এই কর্মসূচিতে যোগ দেন সেই কথাও জানানো হয়েছে।





মুখ্যমন্ত্রী খেলা হবে দিবস পালনের ঘোষণার পর থেকে প্রত্যেক বছরই ১৬ আগস্ট রাজ্যে এই দিনটি পালিত হয়। বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হয় ক্লাবগুলিতে। এই বছর লোকসভা নির্বাচনে বড়সড় জয় পেয়েছে তৃণমূল। সে কারণে এবার ধুমধাম করে এই দিনটি পালন করতে চাইছে রাজ্য। আর সাধারণ মানুষ যাতে এতে অংশ নিতে পারেন সে কারণে নবান্নের তরফে জেলাশাসক বিশেষ নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। বলা হয়েছে, দরকার পড়লে বিশেষ কমিটি গঠন করে খেলা হবে দিবস পালন করতে হবে। অতিরিক্ত জেলাশাসক এবং জেলা ইউথ অফিসাররা কমিটিতে থাকতে পারেন। সচরাচর এই দিনটিতে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি সহ একাধিক বিধায়করা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।





এবার ক্লাবগুলি সরকারের তরফে অনুমোদন পাওয়ার পর আরও জাঁকজমক ভাবে খেলা হবে দিবস পালনের সম্ভাবনা দেখা যাচ্ছে রাজ্যে। প্রতি বছরই ক্লাবগুলির তরফে এই দিনটিতে ক্রিকেট, ফুটবল সহ একাধিক খেলার আয়োজন করা হয়ে থাকে। সেখানে উপস্থিত থাকেন জেলার ওপরমহলের আধিকারিকরা। রাজ্যের ক্রীড়া দপ্তরও ক্লাবগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছে। জানা গিয়েছে, ক্রীড়া দপ্তরের বিশেষ গাইডলাইন মেনেই ক্লাবগুলি খেলা হবে দিবস পালন করবে।