আজকাল ওয়েবডেস্ক: ছাব্বিশের নির্বাচনের ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। এপ্রিলের শেষেই বাংলায় নির্বাচন। মে মাসের শুরুতেই ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, বাংলায় আগামী ২৩ ও ২৯ এপ্রিলে দু'দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪ মে ফলাফল ঘোষণা করা হবে।
রবিবার বিকেল চারটেয় বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। এদিন একসঙ্গে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে।
কবে, কোন রাজ্যে ভোট ও ফলাফল -
পশ্চিমবঙ্গ - দু'দফায় ভোট। ২৩ ও ২৯ এপ্রিল।
ফলাফল - ৪ মে।
অসম- একদফায় ভোট। ৯ এপ্রিল।
ফলাফল - ৪ মে
কেরল - একদফায় ভোট। ৯ এপ্রিল।
ফলাফল - ৪ মে।
পুদুচেরি - একদফায় ভোট। ৯ এপ্রিল।
ফলাফল - ৪ মে।
তামিলনাড়ু - একদফা। ২৩ এপ্রিল।
ফলা
ফল - ৪ মে।
দিন কয়েক আগেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বাংলা থেকে ঘুরে গেছে। আগেই রাজ্যেই এসে গেছে কেন্দ্রীয় বাহিনী। গত ২৮ ফেব্রুয়ারি প্রথম দফায় যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়, সেখানে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছিল। কমিশন সূত্রে খবর, শুক্রবার সন্ধে পর্যন্ত ১৫ লক্ষ 'বিবেচনাধীন' ভোটারের নিষ্পত্তি করা গেছে। এখনও ৪৫ লক্ষের বেশি 'বিবেচনাধীন' ভোটারের নিষ্পত্তি করা যায়নি। সেই প্রক্রিয়া এখনও চলছে।
২০২১ সালে বাংলায় বিধানসভা ভোট আট দফায় হয়েছিল। ছাব্বিশের নির্বাচন দু’দফায় কেন? সে বিষয়ে প্রশ্ন করা হলে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, “কমিশন মনে করছে দফা কমানো প্রয়োজন। সকলের পক্ষে সুবিধাজনক এমন একটি পর্যায়ে এটি নামিয়ে আনা দরকার।”
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলায় আপাতত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ২৮ লক্ষ। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ১৬ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মোট ১,১৫২ জন।
কমিশন আরও জানিয়েছে, বাংলা-সহ পাঁচ রাজ্যে ভোটের জন্য প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী নিয়োগ করা হবে। প্রায় সাড়ে আট লক্ষ নিরাপত্তাকর্মী নিয়োগ করা হবে এই রাজ্যগুলিতে। প্রায় ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার, ১,৪৪৪ জন অবজ়ার্ভার, ৪০ হাজার গণনাকর্মী, ২১ হাজার সেক্টর অফিসার এবং গণনার জন্য ১৫ হাজার মাইক্রো অবজ়ার্ভার নিয়োগ করা হচ্ছে এই পাঁচ রাজ্যে।
