আজকাল ওয়েবডেস্ক: হাওড়ায় হাট চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। হাট বিজনেস টাওয়ার থেকে লোহার পাইপ ভেঙে পড়ে প্রাণ হারালেন দু'জন। হাওড়া হাট চলাকালীন এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দুর্ঘটনায় এক ব্যবসায়ী ও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, হাওড়া পুরসভার পিছনে বহুতল হাট কমপ্লেক্সের থেকে ভেঙে পড়ে লোহার রড। মৃত ব্যবসায়ীর নাম, শেখ ইরফান ও মৃত শ্রমিকের নাম, খোকন। দুর্ঘটনার তদন্ত জোরকদমে শুরু করেছে হাওড়া থানার পুলিশ। 

সপ্তাহের ব্যস্ততম দিনে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল হাওড়া হাট। মঙ্গলবার সকালে হাওড়া পুরসভার ঠিক পিছনে অবস্থিত নবনির্মিত 'বিজনেস টাওয়ার' কমপ্লেক্সের ওপর থেকে আচমকা লোহার রড নিচে পড়ে প্রাণ হারালেন এক ব্যবসায়ী ও এক শ্রমিক। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে নির্মাণকাজে চরম গাফিলতি ও নিরাপত্তার অভাব নিয়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে যখন হাটে কেনাবেচা পুরোদমে চলছিল, তখনই ওই বহুতল থেকে একটি ভারী লোহার রড সরাসরি নীচে দাঁড়িয়ে থাকা দু'জনের মাথায় এসে পড়ে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তাঁরা। ঘটনার আকস্মিকতায় উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

মৃত ব্যবসায়ীর দাদা শেখ ইসলাম ঘটনার সময় ভাইয়ের পাশেই দাঁড়িয়ে ছিলেন। শোকস্তব্ধ অবস্থায় তিনি জানান, "আমরা টুপি বিক্রি করি। কেনা মালপত্র নিয়ে যাওয়ার জন্য মুটিয়াকে (শ্রমিক) টাকা দিতে সাইডে দাঁড়িয়েছিলাম। ঠিক সেই মুহূর্তেই ওপর থেকে সরাসরি আমার ভাই আর মুটিয়ার মাথায় রডটা এসে পড়ে। সৌভাগ্যক্রমে অল্পের জন্য আমি বেঁচে যাই। ওখানে কোনও সেফটি জাল বা সুরক্ষাবিধি ছিল না।"

তাঁর অভিযোগ, জনবহুল এলাকায় এমন বহুতল নির্মাণের সময় যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা প্রয়োজন ছিল, তা ওই বিল্ডিংয়ে ছিল না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া থানার পুলিশ। তারা বহুতলটির নির্মাণকাজে যুক্ত কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে। 

হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "দেহ দু'টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নির্মাণকাজে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।"