আজকাল ওয়েবডেস্ক: বাংলা থেকে শীত এবার বিদায়ের পথে। অন্তত হাওয়া অফিস এমনটাই ইঙ্গিত দিচ্ছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই কলকাতা সহ তাপমাত্রা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস অন্তত ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে চলেছে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। তারপ থেকে ২–৩ ডিগ্রি বাড়বে পারদ। তারপর আগামী এক সপ্তাহে তাপমাত্রার আর বেশি পরিবর্তন হবে না।
এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী সাত দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে শুষ্ক। আকাশ পরিষ্কার থাকবে। তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। যা দৃশ্যমানতা কিছুটা কমিয়ে দিতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে যাওয়ায় উত্তর–পশ্চিম শুষ্ক হাওয়া প্রবাহিত হচ্ছে, যা রাজ্যে শুষ্কতা বজায় রাখছে। কোনও নতুন ঝঞ্ঝা বা নিম্নচাপের সম্ভাবনা নেই।
তবে এটা ঘটনা, ফেব্রুয়ারি মাসেও মানুষ ঠান্ডা অনুভব করেছেন। বিশেষয সকাল ও রাতের দিকে। আর বেলা বাড়লেই বাড়ছে তাপমাত্রা। রোদের তেজও ধীরে ধীরে বাড়ছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, স্পষ্টভাবে তাপমাত্রার হেরফের বোঝা যাবে ১৪ ফেব্রুয়ারি থেকেই। ওই দিন থেকে বেশ গরম অনুভূত হতে পারে। কলকাতায় মঙ্গল ও বুধবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রির আশেপাশে। কিন্তু এরপর চড়চড় করে বাড়বে পারদ। ১৪ ফেব্রুয়ারি কলকাতার আলিপুরে ১৭ ডিগ্রিতে পৌঁছতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
একই অবস্থা জেলার ক্ষেত্রেও প্রযোজ্য। ১৪ ফেব্রুয়ারি শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হতে পারে ১৩ ডিগ্রি। অর্থাৎ আগামী এক সপ্তাহে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে তাপমাত্রা। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
