আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজোর ভিড় সামলাতে অতিরিক্ত ট্রেন চালাবে পূর্ব রেল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চমী থেকে দশমী রাত পর্যন্ত ১৮টি অতিরিক্ত ট্রেন চলবে। দাঁড়াবে সব স্টেশনে। এর মধ্যে এক জোড়া ট্রেন চলবে শিয়ালদহ–রানাঘাটের মধ্যে। শিয়ালদহ থেকে রাত ১২টা ৪০ মিনিটে ছাড়বে এবং রানাঘাট থেকে ছাড়বে ১১টা ৪৫ মিনিট। দু’জোড়া শিয়ালদহ–কল্যাণী লোকাল চলবে। শিয়ালদহ থেকে ছাড়বে রাত আড়াইটেয় এবং দেড়টায় এবং কল্যাণী থেকে ছাড়বে ১২টা ১০ মিনিট এবং তিনটেয়। এছাড়া, এক জোড়া শিয়ালদহ–বনগাঁ লোকাল, শিয়ালদহ থেকে রাত ১ টা ২০ মিনিট ও রাত ১১ টা ৫৫ মিনটে বনগাঁ থেকে ছাড়বে। শিয়ালদহ–ডানকুনির মধ্যে রাত সাড়ে ১১টা এবং ডানকুনি থেকে ১২টা ২৫ মিনিটে ছাড়বে। তিনজোড়া ট্রেন চলবে শিয়ালদহ-বারুইপুরের মধ্যে। শিয়ালদহ থেকে দুপুর ৩টে ২০ মিনিট, রাত ১২ টা ২০ এবং রাত ২ টো ২০ মিনিটে ছাড়বে। বিকেল ৪টে ৩৮, রাত ১টা ২৫ ও রাত ৩ টে ২০ মিনিটে বারুইপুর থেকে ছাড়বে। এক জোড়া শিয়ালদহ–বজবজ লোকালও চলবে। শিয়ালদহ থেকে রাত ১১.৩০ এ ছাড়বে এবং রাত ১২.৩০ মিনিটে বজবজ থেকে ছাড়বে। এমনকী ২১ অক্টোবর শনিবার শিয়ালদহ–পুরী স্পেশাল ট্রেন চলবে। শিয়ালদহ থেকে ট্রেনটি ছাড়বে সন্ধে ৭টা ২০ মিনিটে। পুরী পৌঁছবে ভোর সওয়া চারটেয়। পুরী থেকে বিকেল সওয়া তিনটেয় ছেড়ে রাত দুটোর সময় শিয়ালদহে পৌঁছবে ট্রেনটি।
Train: দুর্গাপুজোর ভিড় সামলাতে অতিরিক্ত ট্রেন চালাবে রেল, চলবে শিয়ালদহ–পুরী স্পেশাল
















