মিল্টন সেন,হুগলি: বিপুল পরিমাণ বেআইনি শব্দবাজি সহ একটি বোলেরো পিকআপ ভ্যানকে আটক করল চুঁচুড়া থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ঘটনাটি ঘটে সোমবার রাতে, চুঁচুড়া থানার অন্তর্গত ধান্য গবেষণা কেন্দ্রের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায়। ডিসি চন্দননগর ঈশানি পাল জানিয়েছেন, নাকা চেকিং চলার সময় ওই বোলেরো পিকআপ ভ্যান দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়ির থেকে চালান চাওয়া হলে একটি বিস্কুট কোম্পানির চালান দেখানো হয়। তবে গাড়িতে থাকা প্যাকেট দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়িতে থাকা কার্টুন খুলতেই বেরিয়ে আসে নিষিদ্ধ শব্দবাজি। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, গাড়িটি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া যাচ্ছিল। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
FIRE CRACKERS: পুলিশি নাকা চেকিংয়ে উদ্ধার ৩১৫ কেজি নিষিদ্ধ বাজি
















