আজকাল ওয়েবডেস্ক: অন্যরকম মেলা। যে মেলায় খোঁজা হয় শুধুই বন্ধু। গোটা মেলাজুড়েই থাকে এই খোঁজ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। পূর্ব বর্ধমানের সরঙ্গা গ্রামে আয়োজিত এই মেলার এটাই আকর্ষণ‌। সাধারণের কাছে যেই মেলা বন্ধু খোঁজার মেলা বা 'সহেলা মেলা' বলে পরিচিত। 

 

মূলত দামোদর এবং দ্বারকেশ্বর নদের অববাহিকায় এই মেলার আয়োজন করা হয়। এই রীতি পালিত হয় বাঁকুড়ার ইন্দাস, বর্ধমানের খণ্ডঘোষের বিভিন্ন এলাকায়। এক যুগ বা ১২ বছরের মাথায় ফিরে আসে এই মেলা। এবার হচ্ছে সরঙ্গা গ্রামে। এলাকার বাসিন্দাদের কথায়, যুগ যুগ ধরে এই মেলা চলে আসছে। ইংরেজি ১৩০০ সাল থেকে এই মেলা হয়ে আসছে। 

 

মেলায় বাঁধা হয় বন্ধুত্বের গাঁটছড়া। মনসা দেবীকে সাক্ষী মেনে হয় এই মেলবন্ধন। যেখানে একজন আরেকজনকে বরণ করে নেন। পালিত হয় বিবিধ উপাচার। এরপর মালা পরিয়ে দেওয়া হয় বন্ধুত্বের স্বীকৃতি। সারাজীবনের মতো পাতানো হয় 'সই' বা 'মিতালি'। এতটাই জনপ্রিয় এই মেলা যে দূরদূরান্ত থেকে দলে দলে লোক আসেন সই পাতাতে বা সই পাতানো দেখতে। যে কেউই বন্ধু হতে পারেন বা একজন মনে করলে একাধিক বন্ধুত্বের বাঁধনেও বাঁধা পড়তে পারেন। এছাড়াও মেলায় অন্যান্য আকর্ষণ হিসেবে থাকে যাত্রা, ছৌ নাচ, গানের অনুষ্ঠান। সোমবার শুরু হয়েছে এই মেলার। চলবে তিনদিন। যাবেন নাকি?