আজকাল ওয়েবডেস্ক: বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার পরেই মুর্শিদাবাদে উত্তেজনা ছড়াল। জঙ্গিপুর ও খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী পছন্দ না হওয়ায় বৃহস্পতিবার রাতে রঘুনাথগঞ্জের খড়খড়ি সেতুর কাছে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান দলের কর্মী–সমর্থকরা।
আচমকা এই বিক্ষোভের জেরে লালগোলা–রঘুনাথগঞ্জ রাজ্য সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, ‘সেটিং’ করে শেষ মুহূর্তে এই দুই কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে।
তাঁদের দাবি, মনোনয়ন পাওয়া প্রার্থীরা শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে চলেন। দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের রাস্তার একপাশে সরিয়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
বিজেপির ঘোষিত তালিকা অনুযায়ী, জঙ্গিপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে আইনজীবী চিত্ত মুখার্জিকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে, খড়গ্রাম কেন্দ্রে তৃণমূল প্রার্থী আশিষ মার্জিতের বিরুদ্ধে লড়বেন বিজেপির মহিলা প্রার্থী মালতি মাল।
রঘুনাথগঞ্জ শহরের বিজেপি নেতা পুষ্কর দাস অভিযোগ করে বলেন, ‘নিম্নস্তরের কর্মীদের মতামত না নিয়েই একতরফাভাবে প্রার্থী ঠিক করা হয়েছে। জঙ্গিপুরে যাঁকে প্রার্থী করা হয়েছে, তিনি আগে নির্দল হিসেবে বিজেপির বিরুদ্ধেই লড়েছিলেন।’
তিনি আরও অভিযোগ করেন, 'আমাদের দলের প্রার্থী তৃণমূল দলের সঙ্গে 'সেটিং' করে রাজনীতি করেন। বিজেপি দলের তরফ থেকে কর্মীদের জন্য কোনও জিনিস পাঠানো হলে চিত্ত মুখার্জি তা দলের কর্মীদের দেন না। তিনি নিজেই সবটা আত্মসাৎ করেন।"
অন্যদিকে, বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলার তফসিলি মোর্চার সভাপতি আদিত্য মৌলিক বলেন, 'দলের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমার স্ত্রী রুনা মৌলিককে খড়গ্রাম কেন্দ্রে প্রার্থী করা হবে। কিন্তু আজ আমরা জানতে পারছি মালতি মালকে বিজেপির টিকিট দেওয়া হয়েছে। আমার নিজের এবং আমার স্ত্রীর নেতৃত্বে খড়গ্রামে দলের সংগঠন মজবুত হয়েছে। যাঁরা নির্বাচনে জিতবে না এমন ব্যক্তিদের প্রার্থী করা হচ্ছে।'
তিনি আরও দাবি করেন, ‘এইভাবে যদি প্রার্থী পরিবর্তন করা হয় তাহলে বুঝতে হবে দলের জেলা সভাপতির কথা রাজ্য নেতৃত্ব শুনছেন না। নিশ্চিতভাবে কোনও একটি স্তরে কারও সঙ্গে সেটিং হয়েছে।' বিক্ষুব্ধ কর্মী–সমর্থকরা হুঁশিয়ারি দিয়েছেন, প্রার্থী পরিবর্তন না হলে তাঁরা প্রচারে অংশ নেবেন না।
