আজকাল ওয়েবডেস্ক: হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসার জন্য। কিন্তু যে ভয়াবহ ঘটনা ঘটল রোগীর সঙ্গে, পরিণতি হল মৃত্যু। তথ্য, আরজি করে ছেলের চিকিৎসার জন্য গিয়েছিলেন দমদমের বাসিন্দা। হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার লিফটে আটকে মৃত্যু হয় তাঁর।

জানা গিয়েছে, ওই ব্যক্তির বয়স চল্লিশ বছর। নাম, অরূপ বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতে হাসপাতালে যান। পাঁচ তলায় লিফটে করে যাচ্ছিলেন আজ ভোরে। ছেলে এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে।

 

সূত্রের খবর, ওই ব্যক্তির পুত্রকে নিয়ে বৃহস্পতিবার রাতে তিনি এবং তাঁর স্ত্রী হাসপাতালে যান। ভোরবেলায় পাঁচতলায় যাওয়ার সময়, লিফট আটকে পড়ে‌। সূত্রের খবর, লিফট আচমকা বেসমেন্টে চলে যায় পাঁচ তলার বদলে। সেখানেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে বাকি দু'জন সুস্থ রয়েছেন বলেই তথ্য প্রতিবেদন লেখার সময় পর্যন্ত। 

তথ্য, বৃহস্পতিবার রাত ৮ টার সময় চার বছরের ছেলের পায়ে গুরুতর আঘাতের কারণে আরজি কর হাসপাতালে চিকিৎসা করাতে এলে তাকে অস্ত্রোপচারের জন্য ট্রমা অপারেশন বিল্ডিং এ পাঠানো হয়। এরপর সেখানে প্রাথমিক চিকিৎসার পর নীচে নেমে আসে পরিবার সহযোগে। জানিয়ে দেওয়া হয় অস্ত্রোপচারের সময় ও স্থান। এরপর পুনরায় আজ ভোররাতে চারটে পাঁচ মিনিটে অস্ত্রোপচারের কারণে ওপরে ওঠার সময় ঘটে ভয়াবহ ঘটনা। চার বছরের সন্তান ও স্ত্রীকে সঙ্গে নিয়ে পাঁচ তলায় (4th floor) উঠতে গিয়ে লিফট-এ আটকে যান অরূপ। একই সঙ্গে আটকে যায় অসুস্থ চার বছরের সন্তান। 

 

ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী সহযোগিতায়  চিকিৎসকদের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে। গুরুতরভাবে আহত হয় চার বছরের শিশু পুত্র।

একই সঙ্গে জানা গিয়েছে, ঘটনার সময় লিফটে কোনও লিফট ম্যান ছিলেন না। ইতিমধ্যেই লিফট ম্যানকে আটক করা হয়েছে। হাসপাতালের মধ্যে কীভাবে এই যান্ত্রিক ত্রুটি, তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে, এই ধরনের ঘটনা কীভাবে ঘটল না নিয়েও।

 

ঘটনায় উত্তাল হয় এলাকা। অন্যান্য রোগীর পরিজনেরা ক্ষোভ দেখাতে শুরু করেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ।