আজকাল ওয়েবডেস্ক: আগামী মঙ্গলবার রাজ্যে নেট পরীক্ষা। আগেরবারের পরীক্ষা বাতিল হয়ে পূর্বনির্ধারিত সূচি মেনে ২৭ আগস্ট পরীক্ষা হবে। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা এবং দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীক্ষা চলবে। ঘটনাচক্রে ওইদিনই আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ নামক একটি সংস্থা। এই আবহে পরীক্ষার্থীদের আশ্বস্ত করতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করল কলকাতা পুলিশ।
পোস্টে লেখা হয়েছে, 'পরশু, অর্থাৎ ২৭ অগাস্ট, ইউজিসির নেট পরীক্ষার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯.৩০ থেকে ১২.৩০, এবং বিকেল ৩.০০ থেকে ৬.০০ পর্যন্ত। সেদিনই ‘নবান্ন অভিযান’-এর আহ্বান জানিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামক গোষ্ঠী। এই অভিযানের কারণে যাতে কোনও নেট পরীক্ষার্থী তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধায় না পড়েন, সেই উদ্দেশ্যে রাস্তায় থাকবে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা।
কোনওরকম অসুবিধায় পড়লে অনুরোধ, নিকটবর্তী পুলিশকর্মীর সাহায্য নিন অথবা নিকটবর্তী থানায় যোগাযোগ করুন।' গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নবান্ন অভিযানের বার্তা ছড়িয়েছে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামক একটি সংস্থার তরফে এই নবান্ন অভিযান করা হচ্ছে। তবে আগেভাগেই প্রস্তুতি সেরে রেখেছে কলকাতা পুলিশ। নবান্ন চত্বরেই প্রায় দুই হাজার পুলিশ মোতায়েন থাকবে। শহরের অন্যান্য জায়গাতেও মোতায়েন থাকবে পুলিশ।
















