আজকাল ওয়েবডেস্ক: গভীর নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। আভাস দেওয়া হয়েছিল আগেই। আর মাত্র ২৪ ঘন্টা। তার মধ্যেই সেটি পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড়ে। প্রভাব পড়বে স্থলভাগেও।
তবে বাংলায় ঝড়ের সম্ভাবনা নেই। এর অভিমুখ মূলত তামিলনাড়ুর দিকে। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিক দিয়ে অগ্রসর হচ্ছে। বর্তমানে এটি ত্রিনকোমালির ৩১০ কিমি দক্ষিণ-পূর্বে, নাগাপট্টিনাম থেকে ৫৯০ কিমি দক্ষিণ-পূর্বে, পুদুচেরি থেকে ৭১০ কিমি দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে ৮০০ কিমি দক্ষিণ-পূর্বে রয়েছে। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলেই মূলত আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়টি। তার জেরে ২৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই দুই রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এই পাঁচদিন সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে দুই রাজ্যের মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
সরাসরি না হলেও এর প্রভাব কিছুটা পড়তে চলেছে পশ্চিমবঙ্গেও। ঝড় না হলেও বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলিতে। এর মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা আর পূর্ব মেদিনীপুর। দুই জেলাতেই হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্র আর শনি দু’দিন ধরেই হালকা বৃষ্টি হবে। রাজ্যে রয়েছে হালকা শীতের আমেজ। এই বৃষ্টির প্রভাবে তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে।
