আজকাল ওয়েবডেস্ক: তমলুক লোকসভা কেন্দ্রে ভোটের দু'দিন আগে নন্দীগ্রামে খুন মহিলা বিজেপি সমর্থক। মৃতার নাম, রথীবালা আড়ি। গতকাল রাতে বুথ পাহারা দেওয়ার সময় তাঁর উপর হামলা করে দুষ্কৃতীরা। ধারাল অস্ত্রের আঘাতে মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে খবর, গতকাল সোনাচূড়ার মনসাবাজার এলাকায় একটি বুথ পাহারা দিচ্ছিলেন কয়েকজন বিজেপি কর্মী, সমর্থক। সেই সময় আচমকা কয়েকজন দুষ্কৃতী ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। এই ঘটনায় মহিলা বিজেপি সমর্থকের মৃত্যু হয়। হামলার ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন বিজেপি সমর্থক। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।