আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষা দিতে ছাত্রছাত্রীদের নিয়ে পরীক্ষাকেন্দ্রে এসে মৌমাছির হামলায় জেরবার অভিভাবকরা।
সাঁই সাঁই শব্দে উড়ে এসে কামড়। মৌমাছির হামলায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরা। পূর্ব বর্ধমানের গুসকরা পি পি ইনস্টিটিউশনে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আচমকা মৌমাছির হামলায় চরম আতঙ্ক ছড়াল। স্কুলের মাঠে পরীক্ষা শেষের অপেক্ষায় বসে থাকা পরীক্ষার্থীদের অভিভাবকদের উপর হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৌমাছি আক্রমণ করে। সাঁই সাঁই শব্দে উড়ে এসে একের পর এক কামড় বসাতে থাকে মৌমাছিরা।
ঘটনাস্থলে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। অভিভাবকদের পাশাপাশি মৌমাছির হামলার শিকার হন ডিউটিতে থাকা এক ট্রাফিক পুলিশ কর্মী ও পথচলতি সাধারণ মানুষজন। মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়।
জানা গেছে, স্কুল মাঠ সংলগ্ন একটি গাছে দীর্ঘদিন ধরেই বড় একটি মৌচাক ছিল। প্রাথমিক অনুমান, কোনও শিকারী প্রাণী বা পাখি মধু খেতে এসে মৌচাকে আঘাত করলে মৌমাছিরা উত্তেজিত হয়ে পড়ে এবং সেখান থেকেই এই হামলা।
মৌমাছির কামড়ে আক্রান্ত সাতজন অভিভাবককে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যদিও সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ওষুধপত্র দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে সবাই বিপন্মুক্ত।
স্বস্তির বিষয়, এখনও পর্যন্ত কোনও মাধ্যমিক পরীক্ষার্থী মৌমাছির আক্রমণে আক্রান্ত হয়নি। প্রশাসনের পক্ষ থেকে এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে মৌচাক অপসারণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আচমকা এই আক্রমণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই চান, এমন ঘটনা যাতে আর না ঘটে তার ব্যবস্থা করা হোক।
