আজকাল ওয়েবডেস্ক: আমি এমএলএ হব না, সভাধিপতি হতে চাই না, আমি ফুটানি মারি না, বড় বড় বাত মারিনা— বিজেপিকে কটাক্ষ করে রাজ্য রাজনীতিতে আবারও নিজের অবস্থান স্পষ্ট করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। রাজ্যে বাজেট প্রকাশের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন জনমুখী সিদ্ধান্তে উচ্ছাস প্রকাশ করে শুক্রবার একটি সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানেই তিনি মুখ্যমন্ত্রীর বাজেটের ভূয়ষী প্রশংসা করেন এবং সাধারণ মানুষের উন্নয়নে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি করেন।
অনুব্রত মণ্ডল জানান, মুখ্যমন্ত্রী এমন এক বাজেট পেশ করেছেন যা সমাজের প্রতিটি স্তরের মানুষের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, আশা কর্মীদের ভাতা বৃদ্ধি, সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধির মতো সিদ্ধান্তগুলি বহু মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে। পাশাপাশি শিক্ষাবন্ধু ও দিনমজুরদের জন্য সরকারের উদ্যোগকে তিনি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। পাশাপাশি এই বাজেট আসন্ন বিধানসভা নির্বাচনেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে রাজ্যের যুব সমাজের কর্মসংস্থানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিকটি মাথায় রেখেই ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক ১৫০০ টাকা আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর মতে, এই আর্থিক সহায়তা যুবকদের চাকরির পরীক্ষার ফর্ম কেনা কিংবা ইন্টারভিউ দিতে যাওয়ার ক্ষেত্রে বড় সহায়ক হবে এবং তাঁদের আত্মনির্ভর হতে সাহায্য করবে।
প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম জেলা সফরের পর এই জেলার বিভিন্ন ব্লকে জনসভা করেছেন অনুব্রত মণ্ডল। ইলামবাজার হোক বা দুবরাজপুর, নলহাটি হোক বা খয়রাশোল, প্রতিটি জায়গাতেই কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছিল। এ প্রসঙ্গেই বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, জনসভা করার জন্য আমাকে কলকাতা থেকে লোক আনতে হয় না। আমার লিডার কারা জানেন? আমার লিডার হচ্ছে সাধারণ মানুষ। আমাকে ফুটানি মারতে হয় না, আমি বড় বড় বাত মারিনা। আমি মানুষের পাশে থাকি। আমি এমএলএ হব না, সভাধিপতি হতে চাই না, মন্ত্রীও হব না। আমি মানুষের সঙ্গে থাকতে চাই। মানুষ আর বুথের কর্মীরাই হচ্ছেন আমার ভবিষ্যৎ। সাংবাদিক সম্মেলনে নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কেও স্পষ্ট বার্তা দেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, মানুষের সমর্থন থাকায় আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। তাঁর মতে, রাজ্য সরকারের জনমুখী প্রকল্প এবং উন্নয়নমূলক কাজই মানুষের আস্থা আরও মজবুত করবে। সর্বশেষে তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই জনমুখী বাজেটে মহিলা ও যুবকদের ভোটব্যাঙ্ক বাড়াতে সাহায্য করবে।
