আজকাল ওয়েবডেস্ক: উত্তর ব্যারাকপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডে উত্তপ্ত পরিস্থিতি৷ কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের অভিযোগে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত উত্তর ব্যারাকপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

অভিযোগ অনুযায়ী, ব্যারাকপুর মনিরামপুর এলাকার বাসিন্দা তুলসী অধিকারীর বাড়ির সামনে একটি অবৈধ নির্মাণকাজ চলছিল। সেই কাজে বাধা দেন তুলসী অধিকারী। এরপরেই ঘটনাস্থলে পৌঁছে তুলসী অধিকারী ও তাঁর ছেলে হেমন্ত অধিকারীকে মারধর করেন কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য, এমনই অভিযোগ পরিবারের।

পরিবারের দাবি, তুলসী অধিকারীকে লাথি মারা হয়, যার ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের জগদীশচন্দ্র বোস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাউন্সিলরের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। গোটা বিষয় নিয়ে মৃতের ছেলে হেমন্ত অধিকারী জানান, "পাশের বাড়ির সদস্যদের সঙ্গে বেশ কয়েকদিন ধরেই কিছু সমস্যা চলছিল। এমনকী তা নিয়ে একাধিকবার কাউন্সিলর কে জানানোও হয়েছিল। কিন্তু তাতে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যথা প্রশাসনিক স্তরে ও চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়৷ আর এতেই ক্ষিপ্ত হয়ে কাউন্সিলর তর্কে জড়িয়ে পড়েন আমার বাবার সঙ্গে। গালিগালাজ দিয়ে আমাকে মারধোর করা হয়েছে। ধাক্কাধাক্কিতেই আমার বাবার মৃত্যু হয়েছে।"  

অন্যদিকে মৃতের বড় বৌমা মমতা অধিকারী জানান, "একজন কাউন্সিলর হয়ে কীকরে গালাগালি দিতে পারেন? সাধারণ মানুষকে হেনস্থা করতে পারেন সেটাই বুঝতে পারছি না। কাউন্সিলর আমার ভাইকে গালিগালাজ করে উল্টোপাল্টা কথা বলছিলেন, তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আমার শ্বশুরমশাই। সেই কথার প্রতিবাদ করতে গেলেই তাঁকে হেনস্থা করেন কাউন্সিলর ও তার দলবল। ধাক্কাধাক্কিতে তিনি অসুস্থ বোধ করলে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।" 

যদিও সমস্ত ঘটনা অস্বীকার করে উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, "তুলসী অধিকারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ আমি চায়ের দোকানে বসেছিলাম। উনি হঠাৎ এসে আমাকে গালিগালাজ করেন এবং আমার সঙ্গে ধাক্কাধাক্কি করেন। আমি কোনও প্রতিবাদ করিনি। স্থানীয় বাসিন্দারা সাক্ষী রয়েছে। এরই মধ্যে আচমকা উনি অসুস্থ বোধ করেন তারপর কী হয়েছে আমি জানিনা। যদিও মৃতের পরিবারের তরফে ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে।

জানা গিয়েছে, ঘটনার জেরে অভিযুক্ত কাউন্সিলরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে৷ কাউন্সিলর কে আটক করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে তদন্ত চলছে। মৃতের পরিবারের তরফে অভিযোগের ভিত্তিতেই উত্তর ব্যারাকপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে আটক করেছে পুলিশ। জানালেন ডিসি সেন্ট্রাল ইন্দ্র বদন ঝা।