আজকাল ওয়েবডেস্ক: একটি বন বিড়ালকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে মুর্শিদাবাদে জঙ্গিপুরের বনবিভাগের আধিকারিকেরা ২২ জন আদিবাসীকে গ্রেপ্তার করল।
বন দপ্তর সূত্রে জানা গেছে ধৃত আদিবাসীদের বাড়ি বীরভূমের পাইকর থানা এলাকাতে। শনিবার রাতে আদিবাসীদের একটি দল বীরভূম থেকে মুর্শিদাবাদের সুতি থানার বংশবাটী এলাকাতে বিভিন্ন বন্য জন্তু শিকার করতে আসে। সূত্রের খবর ওই আদিবাসী দলটি স্থানীয় একটি বিলে মাছ ধরার সময় একটি বন-বিড়ালকে দেখতে পেয়ে তাকে পিটিয়ে মেরে ফেলে।
ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই বংশবাটী এলাকাতে পৌঁছে যায় বন বিভাগের আধিকারিকেরা। বিলুপ্তপ্রায় বন বিড়ালকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে গ্রেপ্তার করা হয় ২২ জন আদিবাসীকে।
রবিবার ধৃত আদিবাসীদেরকে জঙ্গিপুরের বিশেষ আদালতে পেশ করা হচ্ছে।