আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনের আগে জোর জল্পনা, তৃণমূল কংগ্রেস থেকে সরে দাঁড়াচ্ছেন দলের বিধায়ক তাপস রায়। গত কয়েকদিন ধরেই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নিশানায় দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এসবের মাঝেই তাপস রায় জানিয়েছেন, তিনি আর তৃণমূল কংগ্রেস করবেন না। সূত্রের খব তেমনটাই। তাপস রায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর বাড়িতে ইডি হানা নিয়েও। সূত্রের খবর, একাধিক বিষয়ে ক্ষুব্ধ তাপস রায় এবার সরে দাঁড়াতে চাইছেন দল থেকে। রবিবার তিনি অনুগামীদের নিয়ে বৈঠক করেছেন বলে জানা গিয়েছিল। এই পরিস্থিতিতে রবিবার তাঁর বাড়িতে গিয়েছিলেন পার্থ ভৌমিক। সোমবার তাপস রায়ের বাড়িতে যান ব্রাত্য বসু, কুণাল ঘোষ। যদিও এই বিষয়ে ব্রাত্য বসু এখনও কিছু জানাননি, তবে কুনাল ঘোষ বলেন, তিনি ভাইয়ের মতোই গিয়েছেন দেখা করার জন্য, যেমন আগেও গিয়েছেন একাধিকবার। তবে ওয়াকিবহাল মহল সূত্রের খবর, তাপস রায়কে বোঝানোর জন্যই দফায় দফায় দলীয় নেতা মন্ত্রীরা যাচ্ছেন বিধায়কের বাড়িতে। নিজের দলত্যাগ, তার পরবর্তী পদক্ষেপ নিয়ে তাপস রায় নিজে কিছু না জানালেও, ভোটের আগে তাঁর গেরুয়া শিবিরে যোগদান নিয়েও জল্পনা জারি।
Tapas Roy: তৃণমূল ছাড়ছেন তাপস রায়! সোম সকালে বিধায়কের বাড়িতে ব্রাত্য-কুণাল
















