আজকাল ওয়েবডেস্ক:  মধ্যপ্রদেশে বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনার জেরে ইতিমধ্যেই ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক। তাঁদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের জেরে বিশাল শব্দে রীতিমতো ভীত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ইতিমধ্যেই পরিস্থিতির খবর নিয়েছেন। একটি ভিডিওতে দেখা গিয়েছে বিস্ফোরণের পর গোটা এলাকায় কালো ধোঁয়াতে ঢেকে গিয়েছে। বিস্ফোরণের ফলে স্থানীয় বাসিন্দারা ভয়ের চোটে চারিদিকে পালাতে শুরু করেন। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কারখানার এক কর্মী জানান, বিস্ফোরণের সময় কারখানায় ১৫০ জন শ্রমিক কাজ করছিলেন। আগুনের ভয়াবহতা থেকে কমবেশী সকলেই ঝলসে গিয়েছেন।