সংবাদ সংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘বিনোদন এক নজরে’। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?--- ট্রোল যখন রসদ 'কফি উইথ করণ'। প্রায় বিতর্কের সমার্থক হয়ে ওঠা এই জনপ্রিয় শোয়ের নতুন সিজন আসা মানেই ফের গরমাগরম চর্চা। এবং অবশ্যই ট্রোলের বন্যা। আট নম্বর সিজনে এসে তাকেই উল্টে হাতিয়ার করে ফেললেন করণ জোহর। এবারের সিজনের প্রোমো হিসেবে দেখা গিয়েছে শো ঘিরে উঠে আসা বিভিন্ন নেতিবাচক মন্তব্যের আলোচনা। শেষমেশ ট্রোলই হয়ে দাঁড়াল নতুন রসদ! একেই কি বলে ওস্তাদের মার? 'ভয় পেও না' ২০২১ সালটা বড্ড খারাপ গিয়েছে ব্যবসায়ী রাজ কুন্দ্রার। সঙ্গে অভিনেত্রী স্ত্রী শিল্পা শেটি-সহ গোটা পরিবারের। পর্নোগ্রাফি-কেলেঙ্কারিতে রাজের গ্রেফতারি নিন্দার ঝড় তুলেছিল। অজস্র কুৎসা, বিষোদ্গার, নেতিবাচক মন্তব্যে ভরে যায় সোশ্যাল মিডিয়া। তাঁদের ১১ বছরের ছেলে এতে কীভাবে বা কতটা বিপর্যস্ত হবে, বুঝতে পারছিলেন না রাজ-শিল্পা। শেষে হাল ধরেন নায়িকা। ছেলেকে বলেন, "ভয় পেও না, দুশ্চিন্তা কোরো না। কে কী বলছে, তা নিয়ে ভাবার প্রয়োজন নেই।" বাবা কী করেছে, জানতে চেয়েছিল ছেলে। শিল্পা নাকি ছেলের বয়সের উপযোগী করে তাকে বুঝিয়ে দেন সবটা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন রাজ নিজেই। জেলেই জীবনের পাঠ বাইকুল্লা জেলে কেটেছে ৬ সপ্তাহ। সেই আঁধারেই জীবনের আলো খুঁজে নিতে শিখেছেন রিয়া চক্রবর্তী। বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যুর জেরে গ্রেফতার হন প্রেমিকা রিয়া। বিচারবিভাগীয় হেফাজতে গিয়ে হতাশা ঘিরে ধরেছিল তাঁকে। কিন্তু আস্তে আস্তে সেই দিনগুলোই বদলে দিয়েছে রিয়ার জীবন দর্শন। সম্প্রতি জানালেন, জেলে তাঁর সঙ্গী মহিলাদের কাছে তিনি শিখেছেন কীভাবে প্রতি মুহূর্তে বাঁচতে না, কেমন করে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট খুশি, আনন্দকে আঁকড়ে ধরতে হয়। সে সিঙ্গারা খাওয়াই হোক কিংবা এক পাক নেচে নেওয়া! প্রিয়াঙ্কার মালতী-মালা মুম্বইয়ে ফিরলেন 'দেশি গার্ল'। এবং নতুন করে চমকে দিলেন ভক্তদের! সৌজন্যে 'মালতী-মালা'। শুক্রবার শেষ রাতে বিমানবন্দরে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। স্টাইলিশ কালো গাউনে যথারীতি ঝকঝকে। তবে সবচেয়ে বেশি চোখ টেনেছে তাঁর গলার মালা। সেই নেকলেসে মেয়ে মালতী মেরির নাম। গর্বিত মা তাতেই আরও ঝলমলে!
Bollywood: করণের তুরুপের তাস ট্রোল, প্রিয়াঙ্কা ঝলমলে মালতী-মালায়
















