আজকাল ওয়েবডেস্ক:‌ হার্দিক কবে মাঠে ফিরবেন?‌ ইংল্যান্ড ম্যাচে প্রথম একাদশে দেখা যাবে অলরাউন্ডারকে?‌ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ড কিংবা শ্রীলঙ্কা ম্যাচে ফিরতে পারছেন না হার্দিক। ইডেনে ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ম্যাচে হার্দিকের দলে ফেরার সম্ভাবনা। সূত্রের খবর, লখনউতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন না পাণ্ডিয়া। এনসিএতে রয়েছেন হার্দিক। ব্যাটিং করতে অসুবিধা না হলেও বোলিং এখনও শুরু করেননি হার্দিক। এমনিতে হার্দিকের চোট গুরুতর নয়। বাংলাদেশ ম্যাচে বল ধরতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক। খেলতে পারেননি নিউজিল্যান্ড ম্যাচে। এখন যা খবর, তাতে মুম্বই কিংবা ইডেন ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক। বোর্ডের চিকিৎসক দল তাড়াহুড়ো করতে চাইছে না হার্দিককে নিয়ে। টিম ম্যানেজমেন্টও চাইছে না সেটা। একদম সুস্থ হার্দিককে সেমিফাইনালে চাইছে দল। তাছাড়া টানা পাঁচ ম্যাচ জিতে ভারত সেমিফাইনালের দিকে অনেকটাই এগিয়ে গেছে। তাই হার্দিককে নিয়ে ধীরেসুস্থে এগোতে চাইছে বোর্ড।