আজকাল ওয়েবডেস্ক: আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার রূপবদল। বৃহস্পতিবার থেকে গোটা দক্ষিণবঙ্গে বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ। শুক্রবার থেকে রাজ্যে শীতের দ্বিতীয় স্পেল শুরু হবে। টানা ৬ দিন জাঁকিয়ে ঠান্ডার আমেজ অনুভূত হবে জেলায় জেলায়।
বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের থেকে সামান্য কম।
পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাওয়ার সময় আবহাওয়ার পরিবর্তন হবে। পশ্চিমী ঝঞ্ঝা পেরিয়ে যাওয়ার পর কনকনে ঠান্ডার আমেজ ফিরবে দক্ষিণবঙ্গে। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলায় জেলায় কুয়াশার দাপট বাড়বে। ঘন কুয়াশার সতর্কতা থাকবে কয়েকটি জেলায়।