আজকাল ওয়েবডেস্ক: কথায় আছে ‘পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড’। তা প্রমাণে ফের একবার কলম ধরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এর আগে ইংরেজিতে কবিতা লিখেছিলেন। এবার বাংলায় লিখলেন ‘দখল’। নিশানা করলেন রাজ্যের শাসকদল বিজেপিকে। তাঁদের নীতিকে। মমতার লেখায় উঠে এল সাধারণ মানুষের আতঙ্কের কথা।
কবিতার শুরুতেই মমতা লিখেছেন, “দখল মুক্ত করতে হবে / অসহায় দুর্বল মানুষদের। আর কত বুলডোজার? আর কতো অত্যাচার? আর কতো দানবিকতা? নেতার তাবেদার এখন ডান্ডাওয়ালা রক্ষাকর্তারা!” স্পষ্টই বোঝা যাচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন রাজ্যের বিজেপ সরকারের নীতি নিয়ে, পুলিশের ভূমিকা নিয়ে।
নানা দুর্নীতির অভিযোগে একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে। কেউ গ্রেপ্তার হচ্ছেন, কাউকে বা ডাক দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর বিরুদ্ধে মমতা লিখেছেন, “শতশত গ্রেপ্তার কেন? কত পুরস্কার পাচ্ছো? শুনতে পাচ্ছো না শুনতে নিজেদের পরিবারকে দেখো তারা কি বলছে? এ সময় যদি তাদের জীবনে আসতো? তবে কি তুমি শান্ত থাকতে? না দখলমুক্ত হতে?”
বিজেপিকে কটাক্ষ করে তিনি লিখেছেন, “জঞ্জাল এ ঢেকেছে তোমাদের শরীর নিজেদের মনের জঞ্জালকে আগে দখল মুক্ত করো। তবেই তো এ সমাজ সামাজিক ভাবে আত্মমর্যাদা ফিরে পাবে?”
এখানে থামেনি তাঁর কটাক্ষ। তিনি আরও লিখেছেন, “জিতলেই যদি? তবে মানুষ কেন আতঙ্কিত? কেনোই বা সন্ধেতে নামছে মধ্যরাত? ভেবেছো কি একবার?”
ভোটে হারার পরেই কলম ধরেছিলেন মমতা। ইংরাজিতে লিখেছিলেন একটি কবিতা। সেখানে তিনি লিখেছিলেন, পরিস্থিতি যাই হোক না কেন, থাকতে হবে সাহসী, শক্তিশালী হয়ে। ভরসা রাখতে হবে। পরিস্থিতি ঘুরবেই। জয় আসবেই।”
১৫ বছর পর ক্ষমতাচ্যুত হয়েছেন মমতা। ভোটের হারার পর থেকে সেভাবে মাঠে ময়দানে দেখা যায়নি তাঁকে। জয়ী তৃণমূল বিধায়করা সেভাবে সক্রিয় ওঠেননি এখনও। কলমের মাধ্যমেই কি তাঁদের পথ দেখাবেন মমতা?















