আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক পরিণতি। গাড়ির ভেতর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দম্পতির। ঘটনাটি ঘটেছে সোমবার। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির ভাদুতলার বুড়িশোলের জঙ্গলে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পুড়ে ছাই হয়ে যায় ওই প্রাইভেট কার। প্রাইভেট কারের মধ্যে থাকা দম্পতির ঘটনাস্থলে মৃত্যু ঘটে। তবে বাস চালকের তৎপরতাই যাত্রীদের ছোটখাটো আঘাত লাগলেও তেমন কোনও বড়ো দুর্ঘটনা ঘটেনি। বাসটি মেদিনীপুর থেকে পিড়াকাটার দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি প্রাইভেট কার আসছিল। কিছু বোঝার আগেই মুখোমুখি সংঘর্ষ হয় প্রাইভেট কার ও বাসের। সংঘর্ষে প্রাইভেট কারটিতে আগুন লেগে যায। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির ভেতরে থাকা প্রদীপ রায়(৬২) ও স্বপ্না রায়ের(৫৫)। ওই দম্পতি মেদিনীপুর শহরের মিত্র কম্পাউন্ডে বসবাস করতেন। প্রদীপ রায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মী। প্রতিদিনের মত তিনি পিড়াকাটা গ্রামীণ ব্যাংকে কর্মরত তাঁর স্ত্রীকে কর্মস্থল থেকে নিয়ে আসছিলেন। পথমধ্যে বুড়িশোলের জঙ্গলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়।