আজকাল ওয়েবডেস্কঃ আধুনিক ডিজিটাল যুগে কাজের মাঝে সহজেই মনসংযোগে ব্যাঘাত ঘটে৷ যার জন্য আমরা অনেক সময়েই মুড সুইং কিংবা শারীরিক ক্লান্তিকে দায়ী করে থাকি৷ কিন্তু জানেন কি শুধু মেজাজ কিংবা শরীর নয়, আপনার মস্তিষ্কও ক্লান্তিতে ভুগতে পারেন? তাই তো ঘন ঘন মনসংযোগে ব্যাঘাত ঘটা থেকে সহজ কাজ শেষ করতে সময় লাগা, সবই ইঙ্গিত পারে যে আপনার মনের এনার্জি প্রয়োজন। কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনি মানসিকভাবে ক্লান্ত, জেনে নিন-
* কোনও কাজ করার সময় কি আপনার মনোযোগ খুব সহজেই বিভ্রান্ত হয়? ফোনের নোটিফিকেশন, ছোটখাটো শব্দ বা চিন্তা মনোযোগ নষ্ট করে দেয়? তাহলে হতে পারে আপনার মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়েছে। বিশ্রাম দরকার মনের।
* ক্রমশ কাজের প্রতি আগ্রহ বা উৎসাহ কমে গেলেও সতর্ক হন। অর্থাৎ আগে যেসব কাজ ভাল লাগত, এখন সেগুলোকেও বিরক্তিকর বা ক্লান্তিকর মনে হওয়া মস্তিষ্কের ক্লান্তির ইঙ্গিত দেয়।
* পর্যাপ্ত ঘুমের পরও সারা দিন ক্লান্তি কাটে না? ঝিমুনি, ঘুম ঘুম ভাব থেকেই যায়? এর পিছনে কিন্তু থাকতে পারে মস্তিষ্কের কান্তি।
* মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে না পরলে ছোট ছোট সিদ্ধান্ত নিতেও সমস্যা হয়। যেমন কী খাবেন, কী পরবেন, কার সঙ্গে কথা বলবেন—এসব সাধারণ সিদ্ধান্ত নিতেও সমস্যা হয়।
* নিজেকে একা ও আবদ্ধ মনে হওয়াও মানসিক ক্লান্তির লক্ষণ। এক্ষেত্রে কোনও বিষয়েই উৎসাহ, এনার্জি পাওয়া যায় না।
এই ধরনের সমস্যায় ভুগলে কিছুদিন কাজ থেকে বিরতি, প্রকৃতির কাছে যাওয়া, মেডিটেশন, যোগ ব্যায়াম বা কাউন্সেলিং আপনাকে নতুন উদ্যমে ফিরিয়ে আনতে পারে।
















