আজকাল ওয়েবডেস্ক: দেশের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। বিধ্বস্ত ইরান। তবে দমে থাকতে নারাজ তেহরান। পাল্টা ইজরায়েলে মিসাইল নিক্ষেপ করেছে ইরানি সেনা। উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এসবের মধ্যেই রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। মার্কিন বিমান হামলার বিষয়ে দু'জনের কথা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি মধ্যপ্রাচ্যের ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে অবিলম্বে শত্রুতা কমানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোদি এক্স পোস্টে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার বিষয়টি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের-এর সঙ্গে আমি কথা বলেছি। আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছি। অবিলম্বে উত্তেজনা হ্রাস, আলোচনা এবং কূটনীতির মাধ্যমে এগিয়ে যাওয়ার পাশাপাশি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছি।”
Spoke with President of Iran @drpezeshkian. We discussed in detail about the current situation. Expressed deep concern at the recent escalations. Reiterated our call for immediate de-escalation, dialogue and diplomacy as the way forward and for early restoration of regional…
— Narendra Modi (@narendramodi)Tweet by @narendramodi
ইরান ও ইজরায়েল সংঘর্ষ রবিবার দশম দিনে পড়ল। সময় যত এগোচ্ছে, পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে। রবিবার ইরানের ফোরডো, নাতানজ এবং ইসফাহানে পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার কয়েক ঘন্টা পর প্রধানমন্ত্রী মোদি এবং ইরানের রাষ্ট্রপতির মধ্যে এই কথোপকথন হয়। যা ভূ-রাজনৈতিক প্রেক্ষিতে বেশ তাৎপর্যবাহী।
ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার পর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, আমেরিকান বাহিনী ইরানের পারমাণবিক কেন্দ্রে "খুব সফল" হামলা চালিয়েছে। তিনি যেকোনও প্রতিশোধের বিরুদ্ধেও সতর্ক করে বলেছেন, "মনে রাখবেন, অনেক লক্ষ্যবস্তু এখনও অবশিষ্ট আছে।"
এদিকে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি তাদের "শান্তিপূর্ণ পারমাণবিক কেন্দ্রে" মার্কিন হামলাকে "জঘন্য" বলে বর্ণনা করেছেন। মার্কিন হামলা রাষ্ট্রসংঘের মৌলিক নীতির পরিপন্থী বলে দাবি করেছেন তিনি। এছাড়াও নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। এরপরই মধ্য ও উত্তর ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
















