আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি, রোহিত শর্মা পরবর্তী যুগের সূচনা হয়ে গিয়েছে। কিন্তু আরও একজনের নাম ভুললে চলবে না। তিনি রবিচন্দ্রন অশ্বিন। বর্ডার-গাভাসকর‌ ট্রফির মাঝপথে অবসরের সিদ্ধান্ত নেয় তারকা স্পিনার। শুক্রবার ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা পোস্ট করেন তাঁর স্ত্রী প্রীতি নারায়ণন। তিনি লেখেন, 'আজ ভারতের টেস্ট ম্যাচ আছে। মিশ্র প্রতিক্রিয়া নিয়ে আমি ঘুম থেকে উঠেছি। এটাকে ভালবাসার একটা নতুন পথ খুঁজে বের করতে হবে। এতদিন যে একমাত্র রাস্তা আমি জানতাম, সেটা ভুলে যেতে হবে।' তিন কিংবদন্তির অবসরের পর এই প্রথম লাল বলের সিরিজ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। কিন্তু কোথাও যেন বাস্তব হজম করতে পারছেন না অশ্বিনের স্ত্রীর। তাই মনের কথা তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। 

শুক্রবার টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় শুভমন গিলের। টেস্ট ক্যাপ পান সাই সুদর্শন। কিন্তু তামিলনাড়ুর ক্রিকেটারের অভিষেক ম্যাচ সুখকর হয়নি। শূন্য রানে ফেরেন। মাত্র চার বল উইকেটে টেকেন। বেন স্টোকসের লেগ সাইডের বাইরের একটি বলে খোঁচা মেরে আউট হন। তবে শুরুটা ভাল করে টিম ইন্ডিয়া। মধ্যাহ্নভোজে জোড়া উইকেট হারিয়ে ভারতের রান ছিল ৯২। ইংল্যান্ডের মাটিতে প্রথমে নেমেই অর্ধশতরান যশস্বী জয়েসওয়ালের। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে শুরুটা ভাল করেন শুভমন গিল। টেস্ট নয়, একদিনের মেজাজে শুরু করেন।