আজকাল ওয়েবডেস্ক: ভেস্তে গেল কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস ম্যাচ। ভেজা আউট ফিল্ড-এর জন্য খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। রাত ১০.৪৫ মিনিটে মাঠ পর্যবেক্ষণে নামেন দুই আম্পায়ার। পিচের আশেপাশে এবং আউটফিল্ড পরীক্ষা করে দেখা হয়। অন্তত পাঁচ ওভারের ম্যাচ করার আপ্রাণ চেষ্টা করে সিএবি। মাঠে নেমে পড়েন সৌরভ গাঙ্গুলি। নিজে মাঠ টিপে পর্যবেক্ষণ করেন। তারপর মাঠেই বেশ কিছুক্ষণ পিচ কিউরেটর সুজন মুখার্জি এবং সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাসের সঙ্গে কথা বলতে দেখা যায় রাজ্য সংস্থার সভাপতিকে। বৃষ্টির জন্য তিন ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকায় মাত্র ৫ ওভারের ম্যাচ করা সম্ভব ছিল। কিন্তু টুর্নামেন্টের শুরুতে ঝুঁকি নিতে চায়নি কোনও দলই। ভেজা মাঠে চোট-আঘাতের সম্ভাবনা বাড়ে। একেতেই চোট আঘাতে জর্জরিত কেকেআর শিবির। আগেই ছিটকে গিয়েছেন মুস্তাফিজুর রহমান। চোটের জন্য অনিশ্চিত মাথিসা পথিরানা। চোটের জন্য ছিটকে যায় হর্ষিত রানাও। এই অবস্থায় ম্যাচ হলে সমস্যায় পড়ে যেত কেকেআর শিবির। প্রথমত, নিশ্চিত হার। দ্বিতীয়ত, চোটের আশঙ্কা। শেষপর্যন্ত সিদ্ধান্ত তাঁদের পক্ষেই যায়। 

ইডেনের নিকাশি ব্যবস্থা ভাল হলেও, কভার তোলার পর মাঠ খেলার জন্য উপযুক্ত করে তুলতে অন্তত ৩০ মিনিট সময় লাগে। যা কাট অফ টাইম পেরিয়ে যাবে। তাসত্ত্বেও আপ্রাণ চেষ্টা করা হয়। চলে সুপার সপারও। পাঁচ ওভারের ম্যাচ করার জন্য কাট অফ সময় ছিল ১১.১৪ মিনিট। কিন্তু সেই সময়ের মধ্যে মাঠ খেলার জন্য উপযুক্ত করা সম্ভব হয়নি। রাত ১১টা পর্যন্ত গোটা মাঠ ঘুরে দেখেন আম্পায়াররা। তারপর দুই অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং শ্রেয়স আইয়াররের সঙ্গে কথা বলেন আম্পায়াররা। রাত ১১টা নাগাদ তাঁদের ম্যাচ পরিত্যক্ত করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। সিদ্ধান্তে একেবারেই খুশি নন শ্রেয়স। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী, পাঁচ ওভারের খেলা হলে পাল্লাভারী থাকত পাঞ্জাবের। বৃষ্টির জন্য বেঁচে গেল কেকেআর।

এদিন বৃষ্টিবিঘ্নিত ম্যাচ হলে নাইটদের হার নিশ্চিত ছিল। সেখানে জোড়া হারের পর এক পয়েন্ট নিয়ে খাতা খুলল কেকেআর। ম্যাচ পরিত্যক্তের ঘোষণার জন্য রাত ১১টা পর্যন্ত অপেক্ষা করতে হলেও, দেওয়াল লিখন আগেই পড়ে ফেলা গিয়েছিল। ঘোষণার মিনিট দশেক আগেই দুই দলের প্লেয়ারদের একসঙ্গে দাঁড়িয়ে হাসিঠাট্টা করতে, করমর্দন করতে দেখা যায়। তবে হতাশ শাহরুখ খান। তিনি মাঠে প্রবেশের প্রায় সঙ্গে সঙ্গেই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। কাকতালীয়ভাবে, গতবছরও ইডেনে কেকেআর-পাঞ্জাব কিংস ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে যায়। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়। প্রথমে ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ২০১ রান তোলে পাঞ্জাব। নাইটরা ব্যাট করতে নামা মাত্র বৃষ্টি শুরু হয়। বিনা উইকেট হারিয়ে কেকেআরের রান ছিল ৭ যখন বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়।