আজকাল ওয়েবডেস্ক: আপনি যদি গাড়ির মালিক হন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ! সম্ভবত বাড়তে চলেছে আপনার মোটর যানের থার্ড পার্টি বিমা। ভারতের বিমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (IRDAI) প্রিমিয়াম বৃদ্ধির প্রস্তাব করেছে।

যদি এই প্রস্তাব গৃহীত হয়, তাহলে গাড়ি এবং অন্যান্য যানবাহনের বিমা এখন আরও ব্যয়বহুল হয়ে উঠবে। IRDAI সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের (MoRTH) কাছে থার্ড পার্টি প্রিমিয়ামে গড়ে ১৮ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে। কিছু বিভাগে, এই বৃদ্ধি ২০ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্তও হতে পারে, যা সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলবে।

কেন এই প্রিমিয়াম বৃদ্ধি করা হচ্ছে?

আপনার গাড়ি তৃতীয় পক্ষের ক্ষতি, শারীরিক আঘাত বা সম্পত্তির ক্ষতি করলেই থার্ড পার্টি বিমা কার্যকর হয়। ভারতে এই বিমা বাধ্যতামূলক, কিন্তু গত চার বছর ধরে এতে কোনও বৃদ্ধি হয়নি, যদিও বিমা সংস্থাগুলি এই বিভাগে ক্রমাগত বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে।

সূত্রমতে, ২০২৫ অর্থবছরে, মোটর থার্ড-পার্টি বিমা- মোটর বিমা প্রিমিয়ামের প্রায় ৬০ শতাংশ এবং সমগ্র সাধারণ বিমা শিল্পের মোট প্রিমিয়ামের ১৯ শতাংশ ছিল। যা প্রমাণ করে যে, বিমা শিল্পের জন্য এই বিভাগটি কতটা গুরুত্বপূর্ণ এবং এর ক্ষতি শিল্পের আর্থিক অবস্থার উপর কতটা প্রভাব ফেলে।

বিমা কোম্পানিগুলি কতটা লোকসান করছে?

সরকারি সংস্থা নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স অনুসারে, ২০২৫ অর্থবছরে থার্ড পার্টি ক্ষতির অনুপাত ১০৮ শতাংশ ছিল, যার অর্থ দাবি প্রিমিয়ামের চেয়ে বেশি দিতে হয়েছিল। গো ডিজিট এবং আইসিআইসিআই লম্বার্ডের মতো বেসরকারি সংস্থাগুলির ক্ষতির অনুপাত যথাক্রমে ৬৯ শতাংশ এবং ৬৪.২ শতাংশ ছিল।

অতএব, বিমা সংস্থাগুলি ক্রমাগত দাবি করছে যে- চিকিৎসা ব্যয়, আদালত কর্তৃক প্রদত্ত ক্ষতিপূরণ এবং রাস্তায় যানবাহনের চাপ বৃদ্ধির জন্য ছার্ড পার্টি প্রিমিয়াম পর্যায়ক্রমে আপডেট করা হোক। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং সড়ক দুর্ঘটনার সংখ্যার কারণে, দাবির পরিমাণও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

সরকার আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। সিদ্ধান্তের পর, একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করা হবে, যেখানে সাধারণ জনগণ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নেওয়া হবে। এর পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষজ্ঞরা মনে করেন যে, থার্ড পার্টি প্রিমিয়াম ২০ শতাংশ বৃদ্ধি পেলে, বিমা শিল্পের আন্ডাররাইটিং লাভজনকতা (সম্মিলিত অনুপাত) চার-পাঁচ শতাংশ বৃদ্ধি পেতে পারে।

খরচ এবং দাবি ক্রমাগত বৃদ্ধি পেলেও থার্ড পার্টি বিমার দর গত চার বছর ধরে একই আছে। এমন পরিস্থিতিতে, সরকার সম্ভবত আগামী সপ্তাহগুলিতে প্রিমিয়াম বাড়ানোর সিদ্ধান্ত নেবে। যদি প্রস্তাব গৃহিত হয়, তাহলে গাড়ির মালিকদের থার্ড পার্টি বিমার জন্য একটু বেশি অর্থ দিতে হবে। এটি একটি বাধ্যতামূলক ব্যয় যা এড়ানো যাবে না, তাই এর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ।