আজকাল ওয়েবডেস্ক:‌ কেরল থেকে ট্রেনে মুর্শিদাবাদে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। এরপর মৃতের পরিবারের সদস্যরা দেহ ফেরাতে বেজায় সমস্যায় পড়েছেন। আর্থিক কারণই সেখানে বড় হয়ে উঠেছে। মৃত শ্রমিকের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দক্ষিণ ভারতের হাসপাতাল থেকে মুর্শিদাবাদের বাড়িতে দেহ পৌঁছে দেওয়ার জন্য তাদের কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করা হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, রানীনগর–২ ব্লকের মালিবাড়ি–১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনপুর গ্রামের বাসিন্দা সিজারুল ইসলাম (২১) বছর খানেক আগে পরিযায়ী শ্রমিকের কাজ করতে কেরলে যান। বৃহস্পতিবার ট্রেনে করে বাড়ি ফিরছিলেন তিনি। মৃত যুবকের পরিবারের এক সদস্য জানিয়েছেন, ‘‌বৃহস্পতিবার বিকেলে খবর পাই চেন্নাই এবং বেঙ্গালুরুর মাঝে কোনও একটি জায়গায় ট্রেন থেকে সিজারুল পড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’‌ 
মালিবাড়ি–১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান জাহাঙ্গীর আলম বলেন, ‘‌সিজারুলের মৃত্যু সংবাদ পেয়েছি। ঘটনাটি খুবই দুঃখজনক। ইতিমধ্যেই পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় চাঁদা তুলছেন যাতে ১ লক্ষ টাকা জোগাড় করে দেহ ফিরিয়ে আনা যায়। দলের তরফ থেকে এবং প্রশাসনিকভাবে ওই পরিবারের পাশে রয়েছি। দ্রুত সিজারুলের দেহ গ্রামে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।’‌