নিজস্ব সংবাদদাতা: আগামী ২৯শে মার্চ, ২০২৫ নৃত্যশিল্পী রঞ্জাবতী সরকারের জন্মদিন উপলক্ষে ড্যান্সার্স গিল্ডের উদ্যোগে ও ওয়েস্ট বেঙ্গল ডান্স ফেডারেশনের সহযোগিতায় মঞ্জুশ্রী সভাগৃহে এক বিশেষ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে।
রঞ্জাবতী ভারতের তথা বিশ্বের সমকালীন নৃত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর প্রতিটি উপস্থাপনাই অনন্য সাধারণ। ডঃ মঞ্জুশ্রী চাকি সরকার নবনৃত্যের আঙ্গিকে রবীন্দ্রনাথ ঠাকুরের 'চণ্ডালিকা' অবলম্বনে নির্মাণ করেছিলেন 'তোমারি মাটির কন্যা'। প্রকৃতি-মায়া'র চরিত্রে মঞ্জুশ্রী ও রঞ্জাবতী জুটির স্মৃতি নৃত্যপ্রেমীদের মনে আজ অমলিন। জোনাকি সরকারের নির্দেশনায় সেই অসামান্য সৃষ্টিকে নতুন করে উপস্থাপন করার মধ্যে দিয়েই রঞ্জাবতীকে স্মরণ করার এক অভিনব প্রয়াস করছে ড্যান্সার্স গিল্ড।
ভিডিওগ্রাফির মাধ্যমে সেই জুটি নৃত্য উপস্থাপনার পাশাপাশি ড্যান্সার্স গিল্ডের বর্তমান কুশীলবরাও অংশ নেবে এই পরিবেশনায়। অতীত-বর্তমান মিলে যাবে এক সুতোয়। পাশাপাশি এই কালজয়ী উপস্থাপনার ভাবনা ও দর্শনকে তুলে তুলে ধরবেন ডঃ ঐশিকা চক্রবর্তী। 'তোমারি মাটির কন্যা' সম্পর্কে বিশেষ আলোচনাসভার সঞ্চালনা করবেন ওয়েস্ট বেঙ্গল ড্যান্স গ্রুপ ফেডারেশনের যুগ্ম সম্পাদক চন্দ্রোদয় ঘোষ, এই আলোচনচক্রে উপস্থিত থাকবেন অলোক রায়চৌধুরী, পণ্ডিত বিপ্লব মন্ডল, দেবারতি সোম, সু্স্মিতা শেঠিয়া নন্দী সহ বহু শিল্পীবৃন্দ যারা অতীতে এই কালজয়ী নৃত্য নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনায় রয়েছেন ডান্সার্স গিল্ডের সচিব পার্বতী গুপ্ত।
















