'বিগ বস' খ্যাত মুনাওয়ার ফারুকি বাবা হলেন। এই ভারতীয় কমেডিয়ান, গায়কের স্ত্রীর কোল আলো করে জন্ম নিল কন্যা সন্তান। মেয়ের জন্মের খবর এদিন তিনি নিজেই সমাজমাধ্যমে পোস্ট করেছেন।
মুনাওয়ার ফারুকি এদিন ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি তাঁর স্ত্রীর হাত ধরে আছেন। আর মাঝে বেবি কটে তাঁদের সন্তান। একটি ছবিতে তাঁর স্ত্রীকে মেয়েকে কোলে নিয়ে থাকতে দেখা যাচ্ছে। তৃতীয় ছবিতে খুদে তার ছোট্ট বিছানায় শোয়া। এদিন এই ছবিগুলো পোস্ট করে মুনাওয়ার ফারুকি লেখেন, 'বাড়িতে সমৃদ্ধি এল। কৃতজ্ঞ। আলিমুদুল্লাহ।' মুনাওয়ার এই সুখবর দিতেই তাঁকে তাঁর অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, মুনাওয়ার ফারুকি ২০২৪ সালে দ্বিতীয়বারের জন্য বিয়ে করেন। মুম্বইয়ের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট মেহজাবিন কোটওয়ালার সঙ্গে নিকাহ করেন। খুবই ঘরোয়া ভাবে তিনি তাঁর এই দ্বিতীয় বিয়েটি সারেন। এর আগে জ্যাসমিন নামক এক মহিলাকে বিয়ে করেছিলেন মুনাওয়ার। তাঁদের একটি পুত্র সন্তানও আছে, মিকায়েল। মুনাওয়ার নিজেই জানিয়েছেন তিনি মেহজাবিনকে বিয়ে করেছেন তাঁর ছেলের জন্যই। এবার তাঁদের সংসার আরও বড় হল।
মুনাওয়ার ফারুকি পেশায় একজন কমেডিয়ান, র্যাপার এবং সঙ্গীতশিল্পী। এছাড়া তিনি একাধিক রিয়্যালিটি শোতে অংশ নিয়েছেন। ২০২২ সালে তিনি 'লক আপ সিজন ১' -এ অংশ নিয়েছিলেন। সেই শো তিনি জেতেন। এর ঠিক এক বছর পরই তাঁকে দেখা যায় 'বিগ বস ১৭' -তে। সলমন খান সঞ্চালিত সেই শোতেও তিনি বিজয়ী হন।















