আজকাল ওয়েবডেস্ক: বাংলার পাওনা, বকেয়ার দাবিতে ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেদিন মমতার সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও। দুজনের একই সঙ্গে দিল্লি যাওয়ার কথা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় মেলার পর অভিষেক আগেই জানিয়েছিলেন, তাঁর সঙ্গে কয়েকজন সাংসদও থাকবেন। গান্ধীজয়ন্তীতে রাজঘাটে ধর্না, পরের দিন যন্তরমন্তরে বিক্ষোভেপর পর কৃষি ভবন অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি-সব মিলিয়ে জাতীয় স্তরের রাজনীতি সেদিন উত্তাল হয়েছিল। দিল্লি থেকে ফিরে টানা ৫ দিন রাজভবনের গেটের সামনে ধর্নায় বসেছিলেন অভিষেক। রাজ্যপালের সময় দেওয়ার পর সেই আন্দোলন প্রত্যাহার করেছিলেন তিনি। মোদির সঙ্গে সাক্ষাতের আগের দিন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। সেখানেও মমতা-অভিষেককে দেখা যাবে। ঠিক তার পরের দিনই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলার বকেয়া, পাওনা নিয়ে মমতা-অভিষেক একযোগে কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে।