আজকাল ওয়েবডেস্ক: মাঝ আকাশেই বিপত্তি! জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে সোমবার এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন প্রায় ৩০০ পর্যটক। সোমবার আকাশেই আচমকা কেবলকার বা 'গন্ডোলা' পরিষেবা প্রযুক্তিগত ত্রুটির কারণে স্তব্ধ হয়ে যায়। এর ফলে বহু পর্যটক দীর্ঘ সময় ধরে ঝুলন্ত কেবিনের ভেতরেই আটকে পড়েন। ফলে ক্ষণিকের মধ্যেই পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা, পুলিশ এবং স্থানীয় প্রশাসন একযোগে বড়সড় উদ্ধার অভিযান চালায়। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোনওরকম ক্ষয়ক্ষতি ছাড়াই শেষমেশ পর্যটকদের উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে হঠাৎ করেই গন্ডোলা পরিষেবা বন্ধ হয়ে যায়। মাঝ-আকাশে আকস্মিকভাবে কেবলকার থমকে যাওয়ায় কেবিনের ভেতরে থাকা আতঙ্কিত হয়ে পড়েন নারী ও শিশুরা। পর্যটকেরা আতঙ্কে চিৎকার করতে শুরু করেন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। ঘটনার বেশ কিছু ভিডিওতে দেখা গিয়েছে, পর্যটকরা ঝুলন্ত কেবিনের ভেতর আটকে রয়েছেন। আতঙ্কিত হয়ে উদ্ধারের জন্য অপেক্ষা করছেন।
জানা গিয়েছে, ঘটনার খবর পাওয়া মাত্রই ভারতীয় সেনাবাহিনীর ৯ রাজ রাইফেলস, জম্মু-কাশ্মীর পুলিশ এবং স্থানীয় সিভিল প্রশাসনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আটকে পড়া পর্যটকদের নিরাপদে নামিয়ে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। উদ্ধারকাজে সরাসরি তদারকি ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তানমার্গের মহকুমা শাসক এবং তহশিলদারও ঘটনাস্থলে উপস্থিত হন।
উদ্ধারকারী দলের এক কর্মকর্তা বলেন, "প্রযুক্তিগত ত্রুটির কারণে গন্ডোলা পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। আটকে পড়া পর্যটকদের নিরাপদে উদ্ধার করাই ছিল আমাদের লক্ষ্য। এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।" কেবলকারটি মেরামত করে পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে কারিগরি বিশেষজ্ঞদেরও কাজে লাগানো হয়েছে।
এই ঘটনার পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দপ্তর থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, "গুলমার্গের গন্ডোলা কেবলকারে যান্ত্রিক ত্রুটির জেরে তৈরি হওয়া পরিস্থিতির ওপর সরকার কড়া নজর রাখছে। সমস্ত কেবিন সুরক্ষিত রয়েছে এবং প্রশিক্ষিত দলগুলির মাধ্যমে পর্যটকদের নিরাপদে বের করে আনার কাজ চলছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।"
উল্লেখ্য, বিশ্বের অন্যতম সর্বোচ্চ কেবলকার প্রজেক্ট হিসেবে পরিচিত এই গুলমার্গ গন্ডোলা। কাশ্মীর উপত্যকায় বেড়াতে আসা পর্যটকদের কাছে এটি অন্যতম প্রধান আকর্ষণ। বিশেষ করে গ্রীষ্মের মরসুমে এখানে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। তবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই সব পর্যটককে সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে প্রশাসন সূত্রে আশ্বস্ত করা হয়েছে।















