আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সকালে মুর্শিদাবাদের সালার থানার মালিহাটি কান্দ্রা গ্রামে বাড়ির ভেতর থেকে এক প্রৌঢ়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায়। যদিও ওই খুনের ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। মৃত ওই ব্যক্তির নাম জামশেদ শেখ (৬১)। পেশায় কৃষক জামশেদ শেখ বাড়িতে একাই থাকতেন। তাঁর স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা কাজের সূত্রে দিল্লিতে থাকেন। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বাড়ির বারান্দায় মশারি টাঙিয়ে একাই ঘুমিয়ে ছিলেন জামশেদ শেখ। শুক্রবার সকালে দীর্ঘক্ষণ ধরে জামশেদের বাড়ির দরজা বন্ধ থাকতে দেখে প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করলে দেখতে পান বিছানার মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। ঘটনার খবর পেয়ে সালার থানার পুলিশ এলাকাতে পৌঁছে দেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এখনও পরিবারের তরফ থেকে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। মৃতের এক মেয়ে জুলেখা বিবি বলেন ,"বছর তিনেক আগে আমাদের গ্রামে জামিলা বিবি নামে এক মহিলা খুন হন। ওই মহিলার এক ছেলে কিসমত শেখ সব সময় সন্দেহ করতো আমার বাবা জামশেদ শেখ ওই খুনের ঘটনায় জড়িত। যদিও আমার বাবার বিরুদ্ধে পুলিশে কখনও তারা কোনও অভিযোগ করেননি।" তিনি বলেন,"কিসমতের বাড়ির ঠিক পাশেই আমাদের বাড়ি। বিভিন্ন অপরাধে জড়িত থাকার জন্য কিসমত দীর্ঘদিন তিহার জেলে বন্দি ছিল। আমাদের সন্দেহ গতকাল রাতে আমার বাবা যখন ঘুমিয়ে ছিল তখন কিসমত আমাদের বাড়িতে ঢুকে বাবাকে ধারালো কোনও অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে গেছে।"
Murder: সালারে নিজের বাড়িতে খুন প্রৌঢ়
















