‌আজকাল ওয়েবডেস্ক:‌ উগান্ডার এক মহিলা ৭০ বছর বয়সে যমজ শিশুর জন্ম দিলেন। রাজধানী কাম্পালার ওমেন’স হসপিটালে ইন ভিট্রো ফারটিলাইজেশন পদ্ধতিতে মা হয়েছেন সাফিনা নামের ওই মহিলা। প্রসঙ্গত, সাধারণ গর্ভধারণের চেয়ে এই গর্ভধারণ কিছুটা আলাদা। ৭০ বছর বয়সে নারীর ডিম্বাণু উৎপাদন বন্ধ হয়ে যায়। সুতরাং ওই নারীর ডিম্বাণুর মাধ্যমে গর্ভধারণ সম্ভব নয়। তাই এই পদ্ধতিতে অন্য এক নারীর ডিম্বাণু ও তার সঙ্গীর শুক্রাণুর মাধ্যমে ভ্রূণ তৈরি করা হয়েছে। পরে সাফিনার গর্ভাশয়ে ভ্রূণ স্থাপন করা হয়। তারপর গর্ভবতী হন তিনি। সাফিনা বলেছেন, ‘‌তরুণী থাকাকালীন মা হতে পারিনি। সন্তান জন্মদানের তীব্র আকাঙ্ক্ষা থেকেই বৃদ্ধ বয়সেও আগ্রহী হই।’‌ চিকিৎসকরা বলছেন, এই বয়সে মা হওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেহের সব অঙ্গপ্রত্যঙ্গের কার্যক্ষমতাই কমতে থাকে। তাই বেশি বয়সে সন্তান ধারণ করলে নানা ধরনের জটিলতার ঝুঁকি বাড়ে। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদি রোগ যেমন মাতৃত্বের ঝুঁকি বাড়ায়, তেমনি মারাত্মক রক্তশূন্যতার ঝুঁকিও থাকে।