আজকাল ওয়েবডেস্ক : ১০ বিজেপি সাংসদ পদত্যাগ করলেন। নভেম্বর মাসের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে যারা জিতেছেন তারা সকলেই বুধবার পদত্যাগ করলেন। এদের মধ্যে উল্লেখ্য হিসাবে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার থেকে শুরু করে প্রহ্লাদ যোশীও। ভারতীয় সংবিধান অনুসারে একইসঙ্গে বিধায়ক এবং সাংসদ পদে থাকা যায় না। সেই কারণেই এই সিদ্ধান্ত। এই ১০ বিজেপি সাংসদ ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। এদের মধ্যে অনেকেই আবার তিন রাজ্যের মুখ্যমন্ত্রী পদের দৌড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব জানিয়েছে সংবিধান মেনেই তারা সমস্ত কাজ করেন। এবারেও তার ব্যতিক্রম হবে না। কংগ্রেসকে হারিয়ে যেভাবে তিন রাজ্যে বিজেপির জয়ের পতাকা উড়েছে তাতে লোকসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পেয়েছে বিজেপি। এবার এই হাওয়াতে ভর করেই তারা এবার লোকসভা ভোটের বৈতরণী পার করতে চান। তাই সময় নষ্ট না করে এখন থেকেই লোকসভা ভোটের রণকৌশল ঠিক করতে তৈরি বিজেপির শীর্ষ নেতৃত্ব।
QUIT AS MP : ১০ বিজেপি সাংসদের পদত্যাগ
















