আজকাল ওয়েবডেস্ক: পাটনার রাস্তায় অধিকারের দাবিতে সরব হওয়া কয়েক হাজার চাকরিপ্রার্থীর জন্য সময়টা এখন চরম অনিশ্চয়তার। বিহার শিক্ষক নিয়োগের (TRE-4) চতুর্থ পর্যায়ের পরীক্ষার দাবিতে আয়োজিত এক বিশাল বিক্ষোভ শেষ পর্যন্ত আইনি জটিলতায় মোড় নিল। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৫,০০০ জন অজ্ঞাতপরিচয় চাকরিপ্রার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, যা নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে।
ঘটনার সূত্রপাত হয় যখন কয়েক হাজার TRE-4 পদপ্রার্থী পাটনার রাস্তায় নেমে দীর্ঘদিনের নিয়োগ প্রক্রিয়া থমকে থাকার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। তাদের অভিযোগ ছিল, সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও নিয়োগের বিজ্ঞপ্তি বা পরীক্ষার দিনক্ষণ নিয়ে কোনও সদর্থক পদক্ষেপ করছে না। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই মিছিলটি যখন গুরুত্বপূর্ণ সরকারি এলাকার দিকে এগোতে থাকে, তখন পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করে বলে অভিযোগ।
এর পরেই সরকারি কাজে বাধা দেওয়া, বেআইনি জমায়েত এবং জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিশাল সংখ্যক আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা রুজু করে পাটনা পুলিশ। প্রশাসনের দাবি, নিষিদ্ধ এলাকায় বিনা অনুমতিতে মিছিল প্রবেশ করায় এই ব্যবস্থা নিতে হয়েছে। অন্যদিকে, চাকরিপ্রার্থীদের দাবি— তারা কোনও অপরাধ করেননি, বরং বছরের পর বছর অপেক্ষা করে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণেই পথে নামতে বাধ্য হয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। একদিকে সাধারণ মানুষ চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কথা ভেবে সমবেদনা জানাচ্ছেন, অন্যদিকে সরকারি নির্দেশ অমান্য করে প্রতিবাদ জানানো নিয়ে প্রশ্ন উঠছে। ৫,০০০ জনের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ আদতে আন্দোলন দমন করার কৌশল কি না, তা নিয়ে এখন সরব বিরোধী দলগুলোও। হবু শিক্ষকদের এই দীর্ঘ লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।















