আজকাল ওয়েবডেস্ক: রাজনীতিতে "শুদ্ধিকরণ" প্রসঙ্গ উঠে আসছে মাঝে মাঝেই। ত্রিপুরা কিম্বা কর্ণাটক বিধানসভায় শুদ্ধিকরণের ছবি দেখা গিয়েছে আগেও। তবে শুক্রবার বাংলার বিধানসভার যে ছবি ফুটে উঠেছে, তা একপ্রকার নজিরবিহীন। অন্তত তেমনটাই মত ওয়াকিবহাল মহলের। রাজনীতি সহ একাধিক বিষয়ে গঙ্গাজল কিম্বা গোমূত্র দিয়ে শুদ্ধিকরণের প্রসঙ্গ উঠে এসেছে আগেও। তবে বিধানসভা চত্বরে শুদ্ধিকরণ! শুক্রবার সেটাই করেছেন গেরুয়া শিবিরের বিধায়করা। তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল গত কয়েকদিন বঞ্চনার প্রতিবাদে ধর্না কর্মসূচি পালন করেছে বিধানসভা চত্বরে বি আর আম্বেদকরের মূর্তির সামনে। এবার ওই ধর্নাস্থল এবং মূর্তি গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণের কর্মসূচি পালন করল গেরুয়া শিবির। শুক্রবার দেখা যায় শুভেন্দু অধিকারী সহ গেরুয়া শিবিরের বিধায়করা মাথায় কলসিতে গঙ্গাজল নিয়ে বিধানসভা চত্বরে আসেন। অন্যদিকে তৃণমূলের ধর্নার মাঝে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগে ১৮ বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সূত্রের খবর, আগামী সোমবার পাঁচ বিজেপি বিধায়ককে তলব করা হয়েছে ।