বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: প্রায় একশোর কাছাকাছি তেজস যুদ্ধবিমান কিনতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। অতিরিক্ত ৯৭টি তেজস যুদ্ধবিমান এবং ১৫৬টি প্রচণ্ড হেলিকপ্টার কেনায় অনুমোদন দিল প্রতিরক্ষা অধিগ্রহণ পর্ষদ বা ডিফেন্স ইকুইজিশেন কাউন্সিল। দুই যুদ্ধবিমানই দেশীয়ভাবে তৈরি করা এবং এই চুক্তির মূল্য প্রায় ১.১ লক্ষ কোটি টাকা।

তেজস যুদ্ধবিমান কেনা হচ্ছে শুধুমাত্র বায়ুসেনার জন্য এবং হেলিকপ্টারগুলি ব্যবহার করা হবে বায়ুসেনা ও সেনাবাহিনীতে। অতিরিক্ত চুক্তির মধ্যে রয়েছে অ্যান্টি সিপ মিশাইল সহ অন্যান্য যুদ্ধাস্ত্র। ফলে সব মিলিয়ে মোট চুক্তি হতে চলেছে ২.২৩ লক্ষ কোটি টাকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ অর্থের ৯৮ শতাংশ বা ২.২ লক্ষ কোটি টাকা তোলা হবে দেশীয় ক্ষেত্র থেকে। এই চুক্তি আত্মনির্ভর ভারতকে আরও জোরালোভাবে তুলে ধরার পাশাপাশি কর্মসংস্থান তৈরি করবে বলে দাবি প্রতিরক্ষা মন্ত্রকের। ভারতের ইতিহাসে এই প্রথমবার দেশীয়ভাবে এই বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র কেনা হতে চলেছে। আরও বেশ কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। তবে বিদেশ থেকে কিনলে যে সময় লাগে, তার তুলনায় অনেক সময়ে দেশীয়ভাবে এই বিপুল সংখ্যক সারঞ্জাম কেনার প্রক্রিয়া সম্পন্ন হবে। চূড়ান্ত দাম নিয়ে দর কষাকষির পর শেষ সিদ্ধান্ত নেবে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি।