সংবাদ সংস্থা মুম্বই: গত মাস দেড়েক ধরে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের তরফে একের পর এক খুনের হুমকি পাচ্ছেন সলমন খান। প্রাণনাশের হুমকি পেয়েছেন শাহরুখ-ও। এবার পেলেন মিঠুন চক্রবর্তী! অভিযোগ, পাকিস্তান থেকে শাহাজাদা ভাট্টি নামের এক গ্যাংস্টারের তরফে ভিডিও বার্তায় হুমকি দেওয়া হয়েছে অভিনেতাকে। ‘ডিস্কো ড্যান্সার’ ছবির তারকাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
সম্প্রতি, বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২৭ অক্টোবর সল্টলেকের ইজেডসিসিতে সেই কর্মসূচি সংক্রান্ত এক অনুষ্ঠানে ছিলেন অভিনেতা। অমিত শাহের সামনে, সভায় দাঁড়িয়ে অভিনেতা-নেতা মিঠুন চক্রবর্তী একের পর এক যেসব কথা বলেছিলেন, গত কয়েকদিন ধরে ওয়াকিবহাল মহলে জোর চর্চা হয়েছে সেইসব নিয়ে। ২৭ তারিখ পরপর মিঠুন যেসব কথা বলেছিলেন, রাজনীতির আলোচকরা হেট স্পিচ-এর বাইরে কিছু বলতে চাননি সেসবকে। সেই বক্তব্য টেনেই মিঠুন বলেন, ‘‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই বলছি, যা করতে হয় সব করব। মঞ্চে দাঁড়িয়ে বললেন, 'একদিন আসবে, আমি তোমাকে কেটে, ভাগীরথীতে নয়, ভাগীরথী পূণ্য মা। কিন্তু তোমাকে তোমার জমিতেই কেটে ফেলব।”
একদিকে যেমন দলের কার্যকর্তাদের বুক চিতিয়ে এগিয়ে আসতে বলেছেন শাহের সামনে দাঁড়িয়ে, তেমনই বলেছিলেন বদলা, প্রতিহিংসার কথা। বক্তব্যের মাঝেই মিঠুনের মুখে শোনা যায়, “আমাদের বাগানের একটা ফল ছিঁড়লে, আমরা চারটা ছিঁড়ব।” দলগত নয়, ভরা মঞ্চে আমাদের ওদের ভোটারের মাঝে রেখা টানলেন হিন্দু-মুসলমান বলে।
ফেরা যাক মিঠুনকে হুমকি দেওয়া শাহাজাদা ভাট্টির কথায়। ভিডিওতে ভট্টিকে বলতে শোনা গিয়েছে, “উনি বলছেন মুসলিমদের কেটে মাটিতে পুঁতে দেব। মিঠুনবাবু আপনাকে ১০ থেকে ১৫ দিনের সময় দিলাম, এর মধ্যে ক্ষমা চেয়ে নেবেন। নাহলে পস্তাবেন। মুসলিমরা আপনাকে সম্মান করে, তাঁদের সম্পর্কে এই ধরনের মন্তব্য সহ্য করা হবে না। আপনার এখন যা বয়স তাতে আপনার এমন বাজে বকা উচিৎ নয়। অবিলম্বে ক্ষমা চান। এটা সিনেমা নয় বাস্তব।”
















